
গণশুনানির মাধ্যমে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নামকরণ করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) জেলা প্রশাসক তৌফিকুর রহমান নতুন নাম ঘোষণা করেন। এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর মধ্যে শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নকে বেতগাড়ী ইউনিয়ন; মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের পরিবর্তে জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের নতুন নাম রহবল ইউনিয়ন করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। এখন প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।
এর আগে ১৪ জুন জারি করা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় তিনটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম রাখা হয় মীরবাড়ি ইউনিয়ন, সীমান্ত ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়ন।
এর মধ্যে ‘মীরবাড়ি’ নামটি বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। অন্যদিকে সীমান্ত ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়ন প্রতিমন্ত্রীর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যায়।
অভিযোগ রয়েছে, স্বর্ণগ্রাম ইউনিয়নের নামটিও প্রতিমন্ত্রীর প্রবাসী ভাতিজির পারিবারিক নাম স্বর্ণার নামে নামকরণ করা হয়েছে। কিন্তু এটা কারও নজরে আসেনি।
এরপর বিষয়টি জানাজানি হওয়ার পর সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়। দুই নতুন ইউনিয়নের নামের সঙ্গে এ নিয়ে মিল থাকায় সংসদে প্রশ্ন তোলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম মাসুদ।
প্রতিমন্ত্রীর ‘মিরাকল’ বলা চার ইউপির প্রশাসক হচ্ছেন কারা?প্রতিমন্ত্রীর ‘মিরাকল’ বলা চার ইউপির প্রশাসক হচ্ছেন কারা?
সেদিন প্রতিমন্ত্রী ইউনিয়ন করার ব্যাখ্যা দিয়ে বলেন, তার নির্বাচনি এলাকা বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ও দেউলী ইউনিয়ন দুটি আয়তনে অনেক বড় ছিল। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক যাচাই-বাছাই করে গণশুনানি করে সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী ও সোনাতলা উপজেলা সীমান্তে, সে কারণে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছে সীমান্ত ইউনিয়ন।
দেউলী ইউনিয়নের নামকরণের বিষয়ে তিনি বলেন, এটি গাইবান্ধার একদম কাছে এবং অনেক দূরবর্তী হওয়ায় স্থানীয় প্রশাসন ও জনগণের শুনানির ভিত্তিতে সেই ইউনিয়নের নাম রাখা হয়েছে দিগন্ত ইউনিয়ন।
শাহে আলম বলেন, ‘মিরাকল হচ্ছে, আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই। কিন্তু আমার সন্তানদের নাম হচ্ছে মীর সীমান্ত, মীর দিগন্ত।’
বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নাম পরিবর্তনের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন। তারপর ২৩ ও ২৫ জুন দুই দফায় গণশুনানি করে জেলা প্রশাসন। পরবর্তীতে নামগুলো শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়।










































