
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলার প্রথম আসামিকে গ্রেপ্তার করে তার ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, গত ১০ বছরের মধ্যে তনু হত্যা মামলায় প্রথম আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার ডিlpএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার তদন্তে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের একটি মাইলফলক হিসেবে দাঁড়িয়ে আছে মাগুরার আছিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলা। এ মামলার ধারাবাহিকতায় রামিসা হত্যা মামলাসহ আরও কয়েকটি শিশু হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হয়েছে। আছিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলাটিও খুব শিগগিরই হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হবে বলে সরকার আশাবাদী।
আইনমন্ত্রী আরও বলেন, দেশে বিচারক ও এজলাস সংকটের কারণে অনেক মামলা বছরের পর বছর বিচারাধীন অবস্থায় রয়েছে। তবে জনস্বার্থ ও গুরুত্ব বিবেচনায় কিছু মামলাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে। তনু হত্যা মামলা তার অন্যতম। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার একটি মামলার বিচার ইতোমধ্যে শেষ হয়েছে। সরকার তাকে বিচারের মুখোমুখি করতে চেয়েছিল, কিন্তু তিনি সেই সুযোগ নেননি। তিনি বর্তমানে মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি। আমরা অপেক্ষায় আছি, তিনি দেশে ফিরলে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তার ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
এর আগে মাগুরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনসহ জেলার বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা বিচার বিভাগের উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারপ্রার্থীদের সেবার মান আরও উন্নত করার বিষয়ে মতবিনিময় করেন। পরে আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।










































