
কম খরচে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভারতের সিকিমে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে নতুন বছর থেকে ভ্রমণের বাজেটে যোগ হতে চলেছে বাড়তি খরচ। রাজ্যের সংবেদনশীল ও সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের ভিড় এবং যানবাহনের চাপ নিয়ন্ত্রণ করতে নতুন প্রবেশমূল্য চালুর সিদ্ধান্ত নিয়েছে সিকিমের রাজ্য সরকার।
সিকিমের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নির্দিষ্ট কিছু পর্যটনকেন্দ্র ও সংরক্ষিত এলাকায় প্রবেশের জন্য পর্যটকবাহী যানবাহনকে নির্ধারিত ফি দিতে হবে। প্রশাসনের যুক্তি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সংরক্ষিত অঞ্চলে যান চলাচল নিয়ন্ত্রণ করতেই এই উদ্যোগ। তবে নতুন নিয়মে পর্যটকদের ভ্রমণ খরচ অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে
নির্দেশিকা অনুযায়ী, গ্যাংটক, পাকিয়ং এবং মঙ্গন জেলার নির্দিষ্ট সংরক্ষিত বনাঞ্চলে বাড়তি প্রবেশমূল্য কার্যকর হবে। গ্যাংটক ও পাকিয়ং টেরিটোরিয়াল ডিভিশনের অধীনে নাথু লা, ছাঙ্গু বা সোমগো লেক, বাবা মন্দির, জুলুক এবং লিংতাম এলাকায় এই নিয়ম প্রযোজ্য হবে।
অন্যদিকে, মঙ্গন টেরিটোরিয়াল ডিভিশনের ক্ষেত্রে উত্তর সিকিমের সাঙ্কালান-টুং এবং ফেদাং চেকপোস্টের পরবর্তী এলাকাগুলো এই ব্যবস্থার আওতায় আসছে। সিকিম পাবলিক সিকিউরিটি রুলস ১৯৬২ এবং সিকিম ফরেস্ট রুলস ২০০৭-এর অধীনে এই নির্দেশিকা জারি করা হয়েছে। স্বরাষ্ট্র দফতর নোডাল বিভাগ হিসেবে পর্যটন ও অসামরিক বিমান পরিবহন দপ্তরের সঙ্গে সমন্বয় করে পারমিট ও ফি সংক্রান্ত ব্যবস্থা পরিচালনা করবে।
গাড়ির আসনসংখ্যা, ইঞ্জিনের ক্ষমতা এবং এলাকা অনুযায়ী নির্ধারিত হয়েছে প্রবেশমূল্য। ১০০০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন পাঁচ আসনের গাড়ির ক্ষেত্রে গ্যাংটক ও পাকিয়ং ডিভিশনে দিতে হবে ১,৫০০ রুপি, মঙ্গনে ১,২০০ রুপি। ৬ থেকে ১০ আসনের গাড়ির জন্য এই ফি যথাক্রমে ২,৫০০ ও ১,৫০০ রুপি। ১১ থেকে ১৫ আসনের ফোর্স বা টেম্পো ট্রাভেলারের ক্ষেত্রে দিতে হবে ৪,৫০০ ও ২,৫০০ রুপি।







































