
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮ সালে। নির্বাচনের এখনও অনেক দেরি থাকলেও সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে এক জরিপে চারজন নেতার নাম উঠে এসেছে, যাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পছন্দ করছেন অনেক ভোটার।
রয়টার্স/ইপসোস পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে, ডেমোক্র্যাটদের মধ্যে এগিয়ে রয়েছেন জর্জিয়ার সিনেটর জন ওসফ ও সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেজ।
তবে এই চারজনের কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেননি। দুই দলের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হতেও এক বছরের বেশি সময় বাকি। তাই আগামী দিনে নতুন প্রার্থীর আবির্ভাব এবং ভোটারদের মতামত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
রিপাবলিকানদের পছন্দে রুবিও ও ভ্যান্স
জরিপে দেখা গেছে, রিপাবলিকান ভোটারদের ৪৫ শতাংশ মনে করেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চমৎকার হবেন। অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে পছন্দ করেছেন ৪৩ শতাংশ ভোটার।
অন্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসও ভালো অবস্থানে রয়েছেন। ৩২ শতাংশ রিপাবলিকান ভোটার তাকে চমৎকার প্রার্থী হিসেবে বিবেচনা করেন।
এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং টেক্সাসের সিনেটর টেড ক্রুজেরও সমর্থক ও সমালোচক রয়েছেন।
জরিপে অংশ নেওয়া রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পকে ঘিরে কিছুটা অসন্তোষের চিত্রও উঠে এসেছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে দলের ভেতরে প্রশ্ন তৈরি হয়েছে। এ যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে বলেও অনেকে মনে করছেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ দুই নেতা ভ্যান্স ও রুবিওর মধ্যে কাকে বেশি পছন্দ, তা নিয়ে মিত্রদের মতামতও জানতে চেয়েছেন তিনি। সম্প্রতি সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রিপাবলিকান দলের প্রাথমিক বাছাইয়ে তিনি যে কাউকে সমর্থন দেবেন, এমন নিশ্চয়তা নেই।
ফ্লোরিডার আইনজীবী বারবারা রেজনার গত তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছেন। তবে এবার তিনি ভ্যান্সের চেয়ে রুবিওকে বেশি পছন্দ করছেন। তার মতে, ভ্যান্স অতিরিক্ত ডানপন্থি এবং ট্রাম্পের খুব ঘনিষ্ঠ।
রেজনার বলেন, রুবিও নিজের দায়িত্ব ভালোভাবে সামলেছেন। তিনি অতি বাম বা অতি ডানপন্থি অবস্থান না নেওয়ায় বিতর্ক থেকেও দূরে থাকতে পেরেছেন।
অন্যদিকে, ভ্যান্সও ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে ট্রাম্পের অবস্থান থেকে কিছুটা দূরে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধের ভূমিকা ছিল।
ডেমোক্র্যাটদের পছন্দে ওসফ ও বুটিজেজ
ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে জন ওসফ ও পিট বুটিজেজ সমানভাবে এগিয়ে রয়েছেন। দুজনকেই ২৯ শতাংশ ভোটার চমৎকার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচনা করেন।
জর্জিয়ার সিনেটর জন ওসফ সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করে আলোচনায় এসেছেন। তিনি ট্রাম্পকে দুর্নীতিগ্রস্ত ও প্রেসিডেন্ট পদের অযোগ্য বলেও মন্তব্য করেছেন।
গত সপ্তাহে জর্জিয়ায় পুনর্নির্বাচনে ১৮ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছেন ওসফ। অথচ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্যে ট্রাম্প জয় পেয়েছিলেন মাত্র ২ শতাংশ পয়েন্টের ব্যবধানে।
অন্যদিকে, পিট বুটিজেজ ২০২০ সালেও প্রেসিডেন্ট পদে লড়েছিলেন। জাতীয় পর্যায়ে তিনি ওসফের তুলনায় বেশি পরিচিত।
জরিপে দেখা গেছে, প্রতি পাঁচজন ডেমোক্র্যাট ভোটারের মধ্যে প্রায় একজন বুটিজেজের নাম শোনেননি। অন্যদিকে, ওসফের নাম শোনেননি প্রতি তিনজনের মধ্যে প্রায় একজন।
রিপাবলিকানদের মধ্যে জে ডি ভ্যান্সকে চেনেন না এমন ভোটার খুব কম। তবে প্রায় প্রতি ছয়জনের একজন মার্কো রুবিওকে চেনেন না বলে জানিয়েছেন।
প্রার্থীদের পরিচিতি নির্বাচনি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগে থেকে পরিচিত থাকলে প্রচারণার খরচও কম হয়। তবে নির্বাচনি প্রচারের সময় স্বল্পপরিচিত প্রার্থীর জনপ্রিয় হয়ে ওঠার উদাহরণও রয়েছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্ষেত্রেও এমনটি ঘটেছিল।
ডেমোক্র্যাট শিবিরে বুটিজেজ ও ওসফ দুজনকেই মধ্যপন্থি হিসেবে বিবেচনা করা হয়। তাদের এই অবস্থান অনেক ভোটারের কাছে গ্রহণযোগ্য।
দক্ষিণ ইলিনয়ের অবসরপ্রাপ্ত শূকর খামারি এড ব্লেয়ারও মধ্যপন্থি প্রার্থীদের পছন্দ করেন। তিনি ওসফের তুলনায় বুটিজেজকে কিছুটা এগিয়ে রাখছেন। কারণ, ওসফের পরিচিতি তুলনামূলক কম।
ব্লেয়ার বলেন, তিনি বেশি প্রগতিশীল প্রার্থীদের চেয়ে মধ্যপন্থি প্রার্থীদের পছন্দ করেন। সবার জন্য মেডিকেয়ার স্বাস্থ্যবিমা চালু করার মতো বড় পরিবর্তনের প্রস্তাব নিয়েও তিনি উদ্বিগ্ন। তার মতে, বড় পরিবর্তনের পরিবর্তে ধাপে ধাপে সংস্কার করা উচিত, যাতে মানুষ সহজে মানিয়ে নিতে পারে।
আলোচনায় আরও যেসব নেতা
রয়টার্স/ইপসোসের জরিপে ডেমোক্র্যাট দলের আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম উঠে এসেছে।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে ২৩ শতাংশ করে ডেমোক্র্যাট ভোটার চমৎকার প্রার্থী হিসেবে বিবেচনা করেন।
অন্যদিকে, প্রগতিশীল রাজনীতির পরিচিত মুখ নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজকে পছন্দ করেন ১৫ শতাংশ ভোটার।
মধ্যবর্তী নির্বাচনের পর সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওকাসিও-করতেজ বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের বিষয়টি বিবেচনা করা উচিত।
তবে এ বিষয়ে বুটিজেজের অবস্থান ভিন্ন। নিউ ইয়র্কার সাময়িকীকে তিনি বলেছেন, ট্রাম্পের অভিশংসনের বিষয়ে তিনি খুব একটা আগ্রহী নন।
জরিপে কারা অংশ নিয়েছেন?
সোমবার শেষ হওয়া এই জরিপে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকার মোট ১ হাজার ৭০৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। তাদের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের প্রায় ৫০০ জন করে নিবন্ধিত ভোটার ছিলেন।
দুই দলের ভোটারদের মতামতের ক্ষেত্রে জরিপটির ত্রুটির সীমা (মার্জিন অব এরর) ৫ শতাংশ পয়েন্ট।
তবে ২০২৮ সালের নির্বাচন এখনও অনেক দূরে। তাই এখনকার জরিপের ফলকে চূড়ান্ত হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা।
ডেমোক্র্যাট দলের কৌশলবিদ এলেইন কামার্ক বলেন, নির্বাচনের এখনও অনেক সময় বাকি। দুই দলের অনেক নেতা এখনও সিদ্ধান্ত নেননি, তারা নির্বাচনে প্রার্থী হবেন কি না।
তার মতে, সম্ভাব্য প্রার্থীদের নাম অনুমান করা সম্ভব হলেও এখনই কে এগিয়ে থাকবেন, তা নিশ্চিত করে বলা কঠিন।
সূত্র: রয়টার্স









































