প্রচ্ছদ জাতীয় শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর প্রস্তাব ভারতের

শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর প্রস্তাব ভারতের

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নতুন অবস্থান নিয়েছে ভারত। তাকে ফেরানোর ক্ষেত্রে দুটি শর্ত সামনে এনেছে নয়াদিল্লি। এর একটি হলো, বাংলাদেশের সেনাবাহিনীকে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে। অন্যটি হলো, দেশে ফেরার পর জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে বাংলাদেশকে।বাংলাদেশ সংবাদ

সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সামরিক বিমানে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা। এখন তাকে একইভাবে সামরিক বিমানে ফিরিয়ে দিতে চায় ভারত। এ ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিমান পাঠাতে হবে। তবে স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থান থেকেও বাংলাদেশি সেনাসদস্যরা তাকে গ্রহণ করতে পারেন।

ভারতের চাওয়া, শেখ হাসিনাকে দেশে ফেরানোর পর তার নিরাপত্তার দায়িত্বও নেবে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া সম্পন্ন হোক, এমনটাই চায় নয়াদিল্লি।

ভারতের জন্য কেন বিব্রতকর হয়ে উঠেছে হাসিনার অবস্থান

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে শেখ হাসিনার দীর্ঘ অবস্থান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে নয়াদিল্লির জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের দায়ে দণ্ডিত একজন সাবেক নেতাকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ভারত।

ভারতীয় নীতিনির্ধারকেরা প্রথমে চেয়েছিলেন, শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যান। এ জন্য বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগও করা হয়েছিল। কিন্তু সেই উদ্যোগ সফল হয়নি। ফলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন তাঁর ফেরার সম্ভাব্য পথ হিসেবে দেখছে ভারত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নয়াদিল্লি মনে করে, শেখ হাসিনা দেশে না ফিরলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।

তবে শেখ হাসিনাকে আসামি হিসেবে কোনো বাংলাদেশি বিমানে তুলে দিতে চায় না ভারত। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, এতে নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো প্রতিবেশী দেশের মিত্র নেতাদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে বলে মনে করে নয়াদিল্লি।বাংলাদেশ সংবাদ

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। গত অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লিতে নিযুক্ত তৎকালীন বাংলাদেশি হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন।

ভারতীয় সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই ওই বৈঠক হয়েছিল।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে এর আগে একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এই যোগাযোগ শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগাতে চায় ভারত বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।বাংলাদেশ সংবাদ

বিবিসি বাংলার দাবি, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

তবে ভারতের কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে সংশয় রয়েছে। তাদের ধারণা, জ্বালানি সংকট ও পোশাকশ্রমিকদের বিক্ষোভের মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে থাকা বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনাকে এখনই ফেরাতে চাইবে কি না, তা অনিশ্চিত। কারণ তার প্রত্যাবর্তন দেশে নতুন অস্থিরতা তৈরি করতে পারে।

নয়াদিল্লির সাউথ ব্লকের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শর্ত পূরণ না হওয়ায় ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা কঠিন—এটি জেনেও ভারত তাঁর ফেরার ঘোষণায় সম্মতি দিয়েছে। ওই কর্মকর্তার ভাষ্য, এতে অন্তত বলা যাবে যে শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ বিভিন্ন অজুহাতে তাঁকে ফিরতে দেয়নি।

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। পরে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।

চলতি বছর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ২০২৬ সালের ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার এ ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। ৩১ ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরতে না পারলেও ভারতে তার অবস্থান দীর্ঘায়িত করার পক্ষে নয়াদিল্লির হাতে নতুন যুক্তি তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।