
বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’ ফেসবুকে এমন মন্তব্য করে দলীয় পদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদ (৩৮)। এরপর ফেসবুক লাইভে এসে উপজেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি। এর মধ্যেই চেক প্রতারণার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে পাশের মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বোয়ালমারী থানা-পুলিশ মধুখালী থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, ২০১৮ সালে ফরিদপুর আদালতে করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর বোরহান মাহমুদকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। তার বাড়ি বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামে।
বোরহান উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি।
গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড প্রকাশ করে দলীয় পদ ছাড়ার ঘোষণা দেন বোরহান। সেখানে নিজের ছবির সঙ্গে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’
এর পরদিন বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে দলকে ধ্বংস করার অভিযোগ করেন তিনি। দলীয় নেতৃত্ব নিয়েও বিভিন্ন মন্তব্য করেন বোরহান।
বোরহানের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে সঞ্জয় সাহা তাকে ‘মবকারী’ বলে আখ্যা দিয়েছিলেন। এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে তিনি দলীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।
এদিকে বোরহানের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। তার দাবি, তিন-চার মাস আগে কাশিয়ানী এলাকার দুই যুবককে আটকে রেখে তাদের মোটরসাইকেল জব্দ করেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা নেওয়া হয়। পুলিশকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল ও টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
সঞ্জয় সাহার আরও অভিযোগ, সম্প্রতি কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বোরহান। টাকা না দিলে ভাটা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এ ছাড়া কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের ছবি সরিয়ে ফেলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সর্বশেষ গত রোববার মুসা চেয়ারম্যানকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন সঞ্জয় সাহা। এসব অভিযোগের বিষয়ে বোরহানের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেও উপজেলা বিএনপি এখনো বোরহানের কোনো লিখিত পদত্যাগপত্র পায়নি। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সভা করার কথা জানিয়েছেন সঞ্জয় সাহা।
তিনি বলেন, বিএনপি একটি বড় ও সুশৃঙ্খল রাজনৈতিক দল। এখানে ব্যক্তিগত উচ্চাভিলাষ কিংবা বিশৃঙ্খল কর্মকাণ্ডের সুযোগ নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁরা অবস্থান নেবেন। বোরহানের বিষয়ে সাংগঠনিক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, চেক প্রতারণার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে বোরহান মাহমুদ পলাতক ছিলেন। বৃহস্পতিবার ভোররাতে মধুখালী থানা-পুলিশের সহযোগিতায় উপজেলা সদরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।








































