প্রচ্ছদ জাতীয় ঘরে এমপি থাকার পরও পেনশনের টাকা পাই না

ঘরে এমপি থাকার পরও পেনশনের টাকা পাই না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ২০২৩ সালে সরকারি চাকরি থেকে অবসরে গেলেও এখনো পেনশনের টাকা পাননি তার শ্বশুর। এমনকি ঘরে সংসদ সদস্য থাকার পরও পেনশনের অর্থ না পাওয়ায় তার শ্বশুরের এমন ধারণা তৈরি হয়েছে

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম হলে ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম এ সভার আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার শ্বশুর ২০২৩ সালে অবসরে গেছেন, এখন প্রায় ২০২৭ সাল চলে আসছে। উনার হয়তো ধারণা যে, আমার ঘরে এমপি থাকার পরেও আমি পেনশনের টাকাটা পাই না।

তিনি বলেন, ‘বাস্তবতা নির্মম। উনি মূলত নিরীহ প্রকৃতির মানুষ এবং মাধ্যমিক পর্যায়ের ইংরেজি শিক্ষক ছিলেন। আমি নিজে বিষয়টি দেখি। উনার সম্মানজনক জীবন পরিচালনার জন্য মনে হচ্ছে, উনি রাষ্ট্রের কাছে অনুদান চাইছেন।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘উনাদের নিজেদের জমানো টাকা এটা। নিজের বেতন থেকে সারা জীবন দিয়ে দিয়ে সরকারকে দিয়েছেন। সরকার এটা থেকে বিভিন্ন ব্যয় নির্বাহ করেছে। এরপর আজকে যখন উনারা অবসরে যাচ্ছেন, উনাদের দেওয়ার বেলায় টাকা নেই।’

অবসরপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনাদের টাকা দিয়ে কিন্তু অন্যদের পেনশন হয়, আপনাদের টাকা দিয়ে কিন্তু রাষ্ট্রের অন্যান্য খরচ চলে। কিন্তু আপনাকে দেওয়ার সময় টাকা নেই।’