
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে একক ভাবে সংলাপে অংশগ্রহণের পর এবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দল হিসেবে সংলাপে বসতে চলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের সংলাপে ১১ দলীয় ঐক্য জোটবদ্ধভাবে অংশ নেয়ার ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করেছে এনসিপি। ১ ডিসেম্বর ইসির সাথে আলাদাভাবে সংলাপে বসবে দলটি।
এনসিপি একাধিক কেন্দ্রীয় নেতা চ্যানেল টোয়েন্টিফোরকে জানান, নির্বাচন কমিশনের সাথে সংলাপে এনসিপি দল হিসেবে অংশগ্রহণের পক্ষে। কারণ আসন্ন স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। ফলে এনসিপির নিজস্ব অগ্রাধিকার ও স্বতন্ত্র আলাপের বিষয়বস্তু রয়েছে। একই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জোট হিসেবে না, দল হিসেবেই আমন্ত্রণ জানানো হয়েছে জাতীয় নাগরিক পার্টিকে।
নেতাদের অভিযোগ, জোট শরিকদের সঙ্গে আলোচনার পূর্বেই জামায়াত নির্বাচন কমিশনকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তাদের দাবি, এমন একতরফা সিদ্ধান্ত জোটের ভেতরে গণতান্ত্রিক চর্চার জন্য ভালো দৃষ্টান্ত নয়। কারণ বৃহস্পতিবার ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাহী পরিষদের এক সভায় জোট হিসেবে ইসির সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত। শুক্রবার ১১-দলীয় জোটের নেতাদের কাছে সিদ্ধান্তটি জানায় জামায়াত। যেখানে একক অংশগ্রহণের সিদ্ধান্তে অনড় এনসিপি। এমন সিদ্ধান্তে এনসিপি রাজি না হলেও ১১-দলীয় জোট ইতোমধ্যে নির্বাচন কমিশনের সাথে জোটবদ্ধ সংলাপের ঘোষণা দিয়েছে।








































