
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি জানতে চেয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরটি সত্য কি না।
শনিবার (২৮ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনার দীর্ঘদিন প্রকাশ্যে না আসা এবং তার কথিত অডিও বার্তার সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন আবু হানিফ।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুর খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এমনকি তার মরদেহের ছবি দাবি করে কিছু ছবিও বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে।
আবু হানিফের ভাষ্য, শেখ হাসিনার দীর্ঘদিন প্রকাশ্যে অনুপস্থিতি এই গুঞ্জনকে আরও জোরালো করেছে। তিনি জীবিত থাকলে প্রকাশ্যে আসছেন না কেন, তা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
পোস্টে আরও বলা হয়, বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার কথিত অডিও বার্তাগুলোর সত্যতা নিয়েও বিতর্ক রয়েছে। কেউ কেউ এসব অডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করছেন।
আবু হানিফ অভিযোগ করেন, শেখ হাসিনা জীবিত থাকার প্রমাণ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে অন্তত এক বছর আগের একটি অডিও প্রচার করা হয়েছে। এতে মৃত্যুর গুঞ্জন আরও বাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
সবশেষে তিনি প্রশ্ন তোলেন, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরও শেখ হাসিনা প্রকাশ্যে না আসায় জনমনে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?









































