প্রচ্ছদ জাতীয় সাবেক মন্ত্রীর ফ্ল্যাটে কী কী মিললো

সাবেক মন্ত্রীর ফ্ল্যাটে কী কী মিললো

সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশান-২-এর একটি ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ। এ ছাড়া, ৮টি ওয়াচ বক্স (রোলেক্স ৪) ও তিনটি মুক্তার সেট পাওয়া গেছে। মূলত গুলশান-২-এর ৬৬ নম্বর রোডের এই আলিশান বাড়িটির সন্ধান মেলে গত ডিসেম্বরে। যেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট রয়েছে।

রোববার (১৯ জুলাই) দুদকের অভিযানে ফ্ল্যাট থেকে এসব জিনিস উদ্ধার করা হয়। দুদক বলছে, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চসহ ৮টি বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত মিললেও, অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা তাদের।

দুদক উপ-পরিচালক মশিউর রহমান জানান, ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগকে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে বিশ্বের ৯টি দেশে ১০ হাজার কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে। ইতোমধ্যে ২৮টি মামলায় ৫০০ কোটি টাকা আত্মসাতের তথ্য-প্রমাণ হাতে পেয়েছে দুদক।