
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দিপকে।
শনিবার (১৮ জুলাই) রাজধানী নয়াদিল্লিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর তিনি এ ঘোষণা দেন। দিপকের অভিযোগ, পুলিশ জোরপূর্বক ওয়াংচুককে অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে গেছে।
সংবাদমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় অভিজিৎ দিপকে বলেন, “তারা যদি মনে করে সোনম স্যারকে সরিয়ে নিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে, তাহলে তারা ভুল করছে। আমরা এখানেই থাকব এবং ২০ জুলাই সংসদের দিকে পদযাত্রা করব।”
তিনি আরও বলেন, “এতদিন আমরা শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলাম। কিন্তু এই নিন্দনীয় ঘটনার পর এখন আমরা নরেন্দ্র মোদীর পদত্যাগও দাবি করছি।”
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানিয়েছে, দলের আহ্বায়ক অভিজিৎ দিপকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন।












































