
জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার একটি পুরোনো ছবি শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। ছবিতে তার প্রয়াত বাবার সঙ্গে দেখা গেছে জাতীয় সংসদের বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-কে। তবে অভিনেতার এই স্মৃতিচারণমূলক পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরসাত্মক প্রতিক্রিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জয় জানান, তাঁর বাবা একসময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী ছিলেন। সে সময় হাফিজ উদ্দিন আহমদ ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী। একটি সরকারি সফরে তাঁরা একসঙ্গে দুই সপ্তাহের জন্য নেদারল্যান্ডস ও লন্ডনে গিয়েছিলেন, যেখানে মন্ত্রীর একমাত্র সফরসঙ্গী ছিলেন তাঁর বাবা।
বাবার স্মৃতির কথা স্মরণ করে জয় লেখেন, “ওই সময় বাবার কাছে মন্ত্রীর অনেক সুনাম শুনেছিলাম। আজ আমার বাবা নেই ছয় বছর। অথচ সেই মন্ত্রী আরও বড় হয়ে স্পিকার হয়ে গেছেন। কে জানে দুই সপ্তাহের ইউরোপ সফরের সঙ্গী আমার বাবাকে তিনি মনে রেখেছেন কিনা? না রাখলেও কিছু যায় আসে না। বড় বড় মানুষদের জীবনে কত মানুষ আসে যায়। ছোটরা স্মৃতি আঁকড়ে ধরে রাখে।”
পোস্টটি যাতে অন্য কোনো খাতে প্রবাহিত না হয়, সে জন্য জয় পরিষ্কার করে দেন যে এটি সম্পূর্ণ ব্যক্তিগত স্মৃতিচারণ, কোনো রাজনৈতিক পোস্ট নয়।
জয়ের এই আবেগঘন পোস্টের কমেন্ট বক্সে ভক্ত ও নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন। সেখানে ঘুরেফিরে এসেছে ‘জমি’ পাওয়ার প্রসঙ্গ। একজন মন্তব্য করেছেন, ‘এবার জমি পাবে নিশ্চিত।’ আরেকজন রসিকতা করে লিখেছেন, ‘কত কাঠা জমি দরকার ভাইয়া?’
পোস্টে জয় জমি সম্পর্কিত কোনো বিষয়ে আলোকপাত না করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই ছবি শেয়ার করা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা।








































