প্রচ্ছদ আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা আটজনই নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ স্যাফি জানান, এয়ারবাস এইচ১৩০ মডেলের হেলিকপ্টারটি বৃহস্পতিবার সকালে মেলাউই এলাকার একটি প্ল্যান্টেশন থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পরই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ হারায়।

তিনি বলেন, ‘যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থানটি ঘন বনাঞ্চল ও খাড়া পাহাড়ি এলাকায় অবস্থিত,” এবং উদ্ধারকারীরা সম্ভাব্য ধ্বংসাবশেষের অংশ, বিশেষ করে হেলিকপ্টারের লেজের অংশ, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে খুঁজে পেয়েছেন।’

হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন, এবং সবাই দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় উদ্ধার সংস্থা।

শুক্রবার সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উদ্ধারকারীরা স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। সংশ্লিষ্ট প্ল্যান্টেশনটি ইন্দোনেশিয়ার পাম অয়েল কোম্পানি সিত্রা মহকোতোর মালিকানাধীন এবং হেলিকপ্টারটি ম্যাথিউ এয়ার নুসান্তারার বলে জানা গেছে।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স