
রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র এবং ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশের উপস্থিতিতে একদল ব্যক্তির ‘মব সৃষ্টি’ ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে পঞ্চগড়ে জাগপার জেলা কার্যালয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলার ঘটনারও নিন্দা জানানো হয়েছে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ শুক্রবার (১৭ এপ্রিল) (জুম’আ বার) এক বিবৃতিতে বলেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার জেলা পর্যায়ের অফিস ও বাসার সামনে হামলার ঘটনায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।
তিনি রাশেদ প্রধানের দলীয় কার্যালয় ও বাসায় হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসা, রাজনৈতিক কার্যালয় ও তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।













































