
রাজনৈতিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানো, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দলীয় গ্রহণযোগ্যতা জোরদার করতে সাংগঠনিক কাঠামোয় নতুন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এর অংশ হিসেবে দলের নীতিনির্ধারণী কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিদের যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।
এতদিন জামায়াতের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরামগুলোতে অংশ নেওয়ার ক্ষেত্রে দলের শপথপ্রাপ্ত সদস্য বা রুকন হওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে সেই নিয়মে পরিবর্তন আনার চিন্তা করছে দলটি।
নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে দলের বাইরের বিশিষ্ট পেশাজীবী, বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিরাও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় পরামর্শ দেওয়ার সুযোগ পাবেন।
দলীয় নিয়ম অনুযায়ী, শপথপ্রাপ্ত রুকন না হলে বাইরের কোনো ব্যক্তির এই ফোরামগুলোতে যুক্ত হওয়ার বিন্দুমাত্র সুযোগ ছিল না। তবে এবার সেই চিরাচরিত প্রথা ভেঙে এবং রুকন হওয়ার বাধ্যবাধকতা তুলে দিয়ে বিভিন্ন ক্ষেত্রের মেধাবী ও বিশেষজ্ঞ ব্যক্তিদের দলের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার পথে এগোচ্ছে প্রধান বিরোধী দলটি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি কমিটি রয়েছে। এ কমিটিতে বিষয়টি আলোচনা হয়েছে এবং দলের নির্বাহী পরিষদ তাতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে।
এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের বলেন, এটি এখনো আলোচনার টেবিলে রয়েছে। গঠনতন্ত্র সংশোধন কমিটিতে বিষয়টি আলোচনা হয়েছে। কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, জামায়াত আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করার চিন্তা করা হচ্ছে। গঠনতন্ত্র সংশোধন কমিটি বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সূত্রমতে, সাবেক বেসামরিক ও সামরিক আমলা, সচিব, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা এ পরিষদে অন্তর্ভুক্ত হতে পারেন। জামায়াতের প্রতি বিভিন্ন শ্রেণি-পেশা ও সাধারণ মানুষের জনসমর্থন বাড়ছে।
বিরোধী দল হিসাবে দেশ পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে চায় জামায়াত। সেই সঙ্গে ভবিষ্যতে ক্ষমতায় যেতে হলেও এই কট্টরপন্থি নীতি নিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়। তাই গ্রহণযোগ্যতা বাড়াতে সঠিক পরামর্শের প্রয়োজনীয়তা অনুভব করছে দলটি।
এ প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতের ছায়া মন্ত্রিসভায় একটি বিশাল টিম কাজ করছে। সেখানে বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা রয়েছেন এবং তারা সংগঠনকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। সরকারের ভুল ধরিয়ে দেওয়া এবং জামায়াত ক্ষমতায় গেলে এসব সমস্যা কীভাবে মোকাবিলা করবে, তার টেকসই সমাধানও খোঁজা হচ্ছে। জামায়াতকে একটি গণমুখী দলে পরিণত করতেই এসব নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।








































