
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদে বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গোলাম রব্বানী শামীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ বোতল ‘কফ সিরাপ’ ও এক পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তার গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য ও কার্যক্রম নিষিদ্ধ দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে।









































