প্রচ্ছদ জাতীয় ভারত আওয়ামী লীগের মাধ্যমে প্রক্সি যুদ্ধে নেমেছে

ভারত আওয়ামী লীগের মাধ্যমে প্রক্সি যুদ্ধে নেমেছে

Oplus_131072

১৫ নভেম্বর রবিবার সন্ধ্যা বেলায় এই কলামটি লিখতে বসলাম। ভেবেছিলাম লেখার ফোকাস হবে, শেখ হাসিনার তথাকথিত প্রত্যাবর্তন সম্পর্কে বিবিসি যে সর্বশেষ রিপোর্ট করেছে সেটির পোস্টমর্টেম করা। আমার অভ্যাস হলো, লেখা শুরুর আগে আমার ল্যাপটপে দিনের সর্বশেষ নিউজ, ফেসবুক এবং ইউটিউবে চোখ বুলানো। যথারীতি ১৫ নভেম্বর রবিবার সন্ধ্যার পর কম্পিউটার ওপেন করার পর এমন সব নিউজ দেখলাম যেগুলো দেখে বলতে পারেন, হতচকিত হয়ে গেলাম। আজকের কলামের প্রথম পর্বে আমি ঐসব খবর দেবো। তার পর স্থান সংকুলান হলে অন্যান্য খবর ও বিশ্লেষণ।

যথারীতি ইউটিউব ওপেন করতেই চ্যানেল ওয়ানের একটি ভিডিও ক্লিপের ওপর নজর আটকে গেলো। আমি দেখলাম এবং আপনারাও অনেকে দেখেছেন যে, গোপালগঞ্জে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বিশাল মিছিল। আমার ভাষায় নয়, বরং চ্যানেল ওয়ানের কমেন্টারিতে বলা হলো, হাজার হাজার মানুষের মিছিল যারা শেখ মুজিব এবং শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে। তাদের প্রায় সকলের হাতে লগি, বৈঠা এবং দেশীয় কিরিচ। এছাড়া তাদের কমন স্লোগান ‘জয় বাংলা’ তো আছেই। বিশাল এই মিছিল যখন এগিয়ে আসছিলো তখন তাদের সামনে শতাধিক পুলিশ রেডি ছিলো। পুলিশের অদূরে ছিলো একটি সাঁজোয়া যান। আমি অবাক বিস্ময়ে লক্ষ করলাম, মিছিল এগিয়ে আসলে পুলিশ এক পাশে সরে গেলো। মিছিলটি বাধাহীনভাবে এগিয়ে চললো। এর মধ্যে কয়েকজন উৎসাহী ব্যক্তি ঐ সাঁজোয় যানে বড় বড় করে লিখলো, ‘জয় বাংলা’।
বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সারা শহরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন মিছিল করে বেড়ালো। তারা শুধুমাত্র মিছিলই করেনি, তারা দল বেঁধে গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক সরিয়ে সেখানে লিখে দিলো, ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ চত্বরের নাম পরিবর্তন করে মিছিলকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ হাদি চত্বরের নামফলক ভাঙচুর করে। অতঃপর তারা শহীদ হাদি চত্বরের নাম পরিবর্তন করে ‘জয় বাংলা’ নামফলক টাঙিয়ে দেয়। এগুলো করে তারা ক্ষান্ত হয়নি। তারা বিএনপি এবং যুবদলের অফিস ভাঙচুর করে।

এদিকে ঢাকায় দেখলাম ভিন্ন এক চিত্র। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বললেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি নিয়ে আত্মতৃপ্তি প্রকাশ করলে কী হবে, একটি জাতীয় বাংলা দৈনিক তাদের অনলাইন এডিশনের প্রধান সংবাদের শিরোনাম দিয়েছে, ‘গোপালগঞ্জের ডিসি-এসপিকে সরিয়ে দেওয়া হলো।’ খবরে বলা হয়েছে, ‘গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার।
এ ছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাঁকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে। গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

রোববার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তাঁরা বিভিন্ন স্লোগান দেয়। এই পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।’
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।

॥দুই॥
ঐ দিকে বেসামরিক প্রশাসনে যেমন পরিবর্তন ঘটেছে তেমনি সেনাবাহিনীতেও বিরাট পরিবর্তন ঘটেছে। চট্টগ্রামের পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও উস্কানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রোববার চট্টগ্রামের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
কুদ্দুস চৌধুরী বলেন, ‘দুইটা অভিযোগ, এক নাম্বার হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এবং দুই নাম্বার হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং উস্কানির অভিযোগ। এরকম দুইটা স্পেসিফিক মেসেজ আমরা পেয়েছি, যে মেসেজে রাষ্ট্রদ্রোহিতার উপাদান আছে,’ বলেন মি. চৌধুরী। তিনি জানান, ডিসেম্বরে দেশে আবার আগের সরকারকে পুনর্বাসনের জন্য কথোপকথন ওই পুলিশ কর্মকর্তার মেসেজে পাওয়া গেছে। মি. চৌধুরী বলেন, ‘একটা মেসেজে এ রকম বলা হয়েছিল যে, ডিসেম্বরের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। মানে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে এবং ডিসেম্বরে জানবাজি রেখে সবাই মাঠে নামবে, এরকম একটা মেসেজ আমরা পেয়েছি। এটার ওপর ভিত্তি করে প্রাথমিক ফৌজদারি যে মামলা সেই মামলাটা দায়ের করা হয়েছে।’

১৫ নভেম্বর আরেকটি খবরে প্রকাশ, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এবং তার স্ত্রী লে. কর্নেল ফাতেমা জহুরা খানমকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। জানা গেছে যে, ব্রিগেডিয়ার জাকারিয়া নাকি জুলাই বিপ্লব দমনের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আর তার স্ত্রী লে. কর্নেল ফাতেমাকে বরখাস্ত করা হয়েছে তার নামে প্রাপ্ত বিপুল পরিমাণ সম্পদের বিবরণে। এই বিপুল সম্পদ প্রাপ্তির কোনো সন্তোষজনক জবাব এই দম্পতি দিতে পারেননি।

সেনাবাহিনীর একটি খবরে প্রকাশ, এই বাহিনীতে ৭ জন মেজর জেনারেলকে বদলি করা হয়েছে এবং ৩ জন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়েছে। অবশ্য সেনাবাহিনীর এই রদবদল এবং পদোন্নতি সেনাবাহিনীর রুটিন কার্যক্রম বলে অনুমিত হচ্ছে।
বাংলাদেশ আনসার এবং ভিলেজ ডিফেন্স পার্টির মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদকে বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের কমান্ড্যান্ট (BIPSOT) হিসাবে বদলি করা হয়েছে। ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক করা হয়েছে। BIPSOT এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মশিউরকে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক হিসাবে বদলি করা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের এনডিসি মেজর জেনারেল সাজেদকে সপ্তম পদাতিক ডিভিশনের জিওসি হিসাবে বদলি করা হয়েছে। সপ্তম পদাতিক ডিভিশনের জিওসিকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হাফিজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে।

ডিজিএফআইয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইমানীকে মেজর জেনারেল হিসাবে প্রমোশন দিয়ে ১১ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ডিজিএফআইয়ের আরেকজন সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেলকে মেজর জেনারেল পদে প্রমোশন দিয়ে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। সশস্ত্র বাহিনী ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল রাজুকে মেজর জেনারেল হিসাবে প্রমোশন দিয়ে এনডিসিতে বদলি করা হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে যে, ২০২৪ সালের ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে বরখাস্ত করা হয়েছে। একই বছর সেপ্টেম্বর মাসে লে. জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসে ১৫ জন কর্মরত মিলিটারি অফিসারকে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে হাজির করা হয়।
সেনাবাহিনীর এই রদবদল একটি ইংরেজি দৈনিক নিউজ পোর্টালে ১৫ নভেম্বর প্রকাশিত হয়।

সেনাবাহিনীর ৭ জন মেজর জেনারেলের বদলি এবং ৩ জন ব্রিগেডিয়ার জেনারেলের পদোন্নতি সম্পূর্ণ রুটিন ওয়ার্ক বলে আমার ধারণা। কিন্তু এর বাইরে আর যে সব ঘটনা ওপরে বর্ণনা করা হলো তার পটভূমিতে রয়েছে শেখ হাসিনার তথাকথিত প্রত্যাবর্তন।
অতি সম্প্রতি বিবিসিতে শেখ হাসিনার তথাকথিত প্রত্যাবর্তন সম্পর্কে একটি চাঞ্চল্যকর সংবাদ প্রকাশিত হয়। ঐ সংবাদে বলা হয় যে, পর্দার অন্তরালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কথা চালাচালি হচ্ছে। বাংলাদেশ সরকার ড. ইউনূস আমলে এবং বর্তমানে বিএনপি সরকারের আমলে একাধিকবার প্রত্যর্পণ চুক্তির অধীনে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ করেছে। কিন্তু ভারত সরকার বিগত ২ বছর ধরে কলের গানের ভাঙ্গা রেকর্ডের মতো বলেই চলেছে যে, বিষয়টি আইনগতভাবে ফয়সালা করা হবে। যারা আকলমন্দ তারা বিলক্ষণ বুঝতে পেরেছেন যে, ভারত কখনো শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না, বিশেষ করে শেখ হাসিনা যখন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন।

কিন্তু সোয়া দুই বছর পর মোদি সরকারকে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ প্রশ্নের সন্মুখীন হতে হচ্ছে। কেনো একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত অপরাধীকে ভারত আশ্রয় দিয়ে যাচ্ছে? উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর জন্য ভারত এক নতুন চাল চেলেছে। এই চাল অনুযায়ী এক ঢিলে দুটি পাখি মারতে চায়। এক দিকে বলছে যে, তারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসেননি। বাংলাদেশের সেনাবাহিনী পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে ভারত পাঠিয়েছে। এখন সেই সেনাবাহিনীকেই পূর্ণ নিরাপত্তা দিয়ে ফেরত নিতে হবে। এজন্য তারা সামরিক বিমান পাঠাতে পারে। না হলে স্থল পথে গেলে একটি ট্রানজিট পয়েন্ট নির্ধারণ করে সেখানে ভারত হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করবে। অতঃপর বাংলাদেশ সেনাবাহিনী তাকে নিয়ে যাবে।

দ্বিতীয়ত, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে। সেই আপিল আন্তর্জাতিকভাবে যাতে পর্যবেক্ষণ করা যায় সেই ব্যবস্থা করতে হবে।

একদিকে পর্দার অন্তরালে ভারত এই কূটনৈতিক খেলা খেলছে, অন্যদিকে ভারতে লালন পালন করে এখন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে নাশকাতমূলক তৎপরতা চালানোর জন্য বাংলাদেশে ঠেলে দিয়েছে। এই মুহূর্তে ওদের টার্গেট দুটি। একটি হলো জুলাই বিপ্লবের নেতৃত্ব। দ্বিতীয় হলো, গ্রামীণ ব্যাংক।
গ্রামীণ ব্যাংকের ১৮টি শাখা জ্বালিয়ে দেওয়া হয়েছে। ২৯টি বাসে আগুন দেওয়া হয়েছে। একজন বাস চালক পুড়ে মারা গেছেন। এনসিপির এমপি নুসরাত তাবাস্সুমের গ্রামের বাড়িতে ৪টি পেট্রোল বোমা মারা হয়েছে। এর ফলে ২টি ছাগল পুড়ে মারা গেছে। নুসরাতের পিতা মাতা ৩০ মিটার দূরে অবস্থিত একটি ইটের ভবনে বাস করছিলেন বলে বেঁচে গেছেন। হাসিনার আমলের ডিবি হারুন যে ৫ জন জুলাই বিপ্লবের নেতাকে উঠিয়ে নেন, নুসরাত তাবাস্সুম তাদের একজন। এনসিপির আরকেজন এমপি ডা. মাহমুদা মিতুকে দেশি এবং বিদেশি ফোন থেকে মৃত্যুর হুমকি দিয়ে ফোন কল করা হচ্ছে। এনসিপির ছাত্র ফ্রন্ট জাতীয় ছাত্র শক্তির সভাপতিকে দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হয়। কপাল গুণে তিনি বেঁচে যান। এনসিপি থেকে সদ্য পদত্যাগী নেতা সামন্তা শারমিনকে হত্যা করার হুমকি দিয়ে টেলিফোন করা হচ্ছে।

৭ নভেম্বরের পর থেকে এপর্যন্ত অনেক জায়গায় বাসে আগুন লাগানো হয়েছে এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে ১৫ নভেম্বর আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ মিছিল করেছে। আমার অনুমান, ডিসেম্বর যতোই এগিয়ে আসবে তখন এবং ডিসেম্বরে আওয়ামী লীগের মাধ্যমে ভারত বাংলাদেশে আরো অনেক সন্ত্রাস, নাশকতা এবং অন্তর্ঘাতমূলক অপতৎপরতা চালাবে।
সংক্ষেপে বলতে পারি, ভারত বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে। নিজেরা সরাসরি হস্তক্ষেপ করতে পারে না বলে আওয়ামী লীগকে মাঠে নামিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমাদের সতর্কবার্তা এই যে, সরকার আওয়ামী লীগকে মোকাবিলা করছে না, করছে ভারতকে। ভারত আওয়ামী লীগের মাধ্যমে প্রক্সি যুদ্ধে নেমেছে। সুতরাং, বিএনপি সরকার হুঁশিয়ার! সর্বশেষ খবরে প্রকাশ, বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।