প্রচ্ছদ জাতীয় দুপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ, রাতে প্রত্যাহার

দুপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ, রাতে প্রত্যাহার

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৩১ জন বিএনপি নেতা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে রাতেই তা প্রত্যাহার করে নিয়েছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সদর (পশ্চিম) উপজেলা ও ইউনিয়ন বিএনপির আশ্বাসে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন তারা।

এর আগে দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে ৩১ নেতার পদত্যাগপত্র জমা দেওয়া হয়। জেলা শহরের বাগবাড়ি এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি জাকির হোসেন সুমনসহ ১০ নেতা উপস্থিত হয়ে পত্রটি জমা দেন।

যদিও উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন ভূঁইয়া পদত্যাগপত্রটি সাংগঠনিকভাবে জমা নেননি। তিনি বলেন, ‘আমরা কোনো কর্মীকে হারাতে চাই না। আমি তাদের পদত্যাগপত্রটি এমনিতে রেখেছি। সাংগঠনিকভাবে গ্রহণ করিনি।’

রাতে চররুহিতা এলাকায় প্রেস ব্রিফিং করে ওয়ার্ড কমিটির সভাপতি জাকির হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম ও সাংগঠনিক সম্পাদক শহীদ উল্যাহ পদত্যাগের আবেদন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

তাদের দাবি, চররুহিতা ইউনিয়ন বিএনপির আশ্বাসে তারা পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার ঘটনায় ৫১ সদস্যের কমিটির ৩১ নেতা পদত্যাগের জন্য আবেদন করেন।

চররুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ বলেন, ওয়ার্ড বিএনপির নেতারা অভিমান করে একটি ভুল সিদ্ধান্ত নিচ্ছিল। তাদের সঙ্গে কথা বলেছি। তাদের অভিমান ভেঙেছে। এখন তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

প্রসঙ্গত, পরকীয়ার জেরে এক বিবাহিত নারীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে গত ১৩ এপ্রিল পদ-পদবি থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। এর ৬ মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন সদর (পশ্চিম) উপজেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু।