প্রচ্ছদ জাতীয় কাঁটা চামচ ব্যবহার না জানলেও তারেক সাহেব ‘জেনুইন মানুষ’

কাঁটা চামচ ব্যবহার না জানলেও তারেক সাহেব ‘জেনুইন মানুষ’

জাপান সফরে কাঁটা চামচ ব্যবহারের দক্ষতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়া আম জনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমানের পক্ষ নিয়েছেন বিএনপি নেত্রী ও সংসদ সদস্য মানসুরা আলম। তিনি বলেছেন, কাঁটা চামচ ব্যবহার করতে না জানলেও তারেক সাহেব একজন ‘জেনুইন মানুষ’।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান সফরে যান আম জনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। ওই সফরে তার কাঁটা চামচ ব্যবহারের দক্ষতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেন মানসুরা আলম।

পোস্টে তিনি আশির দশকের একটি ঘটনার উল্লেখ করেন। মানসুরা লেখেন, কয়েক দিন আগে এক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি একটি অনুষ্ঠানে স্মৃতিচারণা করেছিলেন। সেখানে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন। ওই ব্যক্তি জানান, আশির দশকের কোনো এক সময়ে তিনি ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ একই সময়ে সংসদ সদস্য ছিলেন অথবা গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

মানসুরার বর্ণনা অনুযায়ী, একবার রাষ্ট্রীয় সফরে গিয়ে মুজাহিদ টেবিলের শিষ্টাচার বা টেবিল এটিকেট বুঝতে পারছিলেন না। তখন ওই ব্যক্তি তাকে বিষয়টি শিখিয়ে দেন। পরবর্তী সময়ে মুজাহিদ এ জন্য তাকে একাধিকবার কৃতজ্ঞতাও জানিয়েছিলেন। ওই ব্যক্তির পারিবারিক ও সামাজিক অবস্থান তুলনামূলক সচ্ছল হওয়ায় তার কাছে টেবিলের শিষ্টাচার জানা স্বাভাবিক ছিল। তবে মুজাহিদকে তা শিখে নিতে হয়েছিল।

মানসুরা লেখেন, ওই ব্যক্তি বিষয়টিকে লজ্জার কিছু হিসেবে দেখেননি। বরং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের প্রয়োজনে এসব শিষ্টাচার শিখে নেওয়াকে ইতিবাচক হিসেবে বিবেচনা করেছিলেন, যাতে আনুষ্ঠানিক কোনো আয়োজনে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়।

এরপর তারেক রহমানকে নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে মানসুরা বলেন, যারা একজনের কাঁটা চামচ ব্যবহার নিয়ে ট্রল করছেন, তাদের নিজেদের সামাজিক ও শিক্ষাগত পটভূমিও বিবেচনায় নেওয়া উচিত। পোস্টে তিনি সমালোচকদের জীবনযাপন, শিক্ষা ও সুযোগ-সুবিধা নিয়ে কটাক্ষ করেন। একই সঙ্গে ‘সাব-অলটার্নের ক্ষমতায়ন’ ধারণার প্রসঙ্গ টেনে তাদের বক্তব্যের সমালোচনা করেন।

পোস্টের শেষাংশে মানসুরা লেখেন, ‘তারেক সাহেব জেনুইন মানুষ। কাঁটা চামচ ব্যবহার না জানলে তিনি হাত দিয়ে নুডুলস খাবেন দরকার পড়লে। নিজেকে সাব অল্টার্ন ক্ষমতাবাদী দাবি করা রাজমিস্ত্রির ছেলেরা কি পারবে এই জেনুইনিটি ধারন করতে?’