
পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও যশোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিকল্প পথে কিছু বাস চলাচল করলেও এতে সময় ও খরচ দুটিই বেড়েছে। তবে আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পরিবহনের মালিক ও শ্রমিকরা।
গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধ এবং নিরাপত্তাহীনতার কারণে বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত ঢাকাগামী বাস ছেড়ে যায়নি বলে জানিয়েছেন পরিবহনের মালিক ও শ্রমিকরা।
বুধবার দুপুর থেকে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বৃহস্পতিবার দিনভর পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকাগামী কোনো বাস চলাচল করেনি। অধিকাংশ বাস কাউন্টারও বন্ধ। নিরাপত্তাহীনতার কারণে পদ্মা সেতু হয়ে বাস না চালানোর কথা জানিয়েছেন পরিবহনের মালিক ও শ্রমিকেরা। তবে বিকল্প পথে পাটুরিয়া-আরিচা হয়ে কিছু বাস চলাচল করছে।
তবে খুলনা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রাখতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাস চলাচল বন্ধ না রেখে বিকল্প পথে চালানোর জন্য মালিকপক্ষকে অনুরোধ করা হয়।
অন্যদিকে পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা থেকেও ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছাড়েনি। তবে যশোর হয়ে আরিচা ফেরিঘাট দিয়ে বিকল্প পথে কিছু বাস চলাচল করছে।
পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যানবাহনের ক্ষয়ক্ষতি এড়ানো এবং চালক ও শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প পথে যশোর হয়ে আরিচা ফেরিঘাট দিয়ে যাতায়াতে সময় বেশি লাগছে।
পদ্মা সেতু হয়ে বাগেরহাট থেকেও ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। গোপালগঞ্জ হয়ে যেতে হয়, এমন কোনো বাস বৃহস্পতিবার বাগেরহাট থেকে ছেড়ে যায়নি। তবে বাগেরহাট থেকে খুলনা, পিরোজপুর, শরণখোলাসহ আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে বাস স্বাভাবিক রয়েছে।
যশোর ও বেনাপোল থেকেও ঢাকাগামী যাত্রীবাহী বাস পদ্মা সেতু হয়ে চলাচল করছে না। সব বাস পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট ঘুরে ঢাকায় যাচ্ছে। অতিরিক্ত পথ ঘুরে যাত্রীবাহী বাস চলাচল করায় পরিবহনের খরচ ও সময় দুটিই বাড়ছে। এতে যাত্রীদের ভোগান্তিও বেড়েছে।








































