প্রচ্ছদ জাতীয় সাড়ে ৪ বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন

সাড়ে ৪ বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন

দীর্ঘ সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরি ফিরে পেয়েছেন আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার হওয়ায় আবারও দুদকে যোগ দিতে যাচ্ছেন তিনি। আগামী রোববার দুদকের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

আদালতের রায় ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল হওয়ায় পুনরায় কর্মস্থলে ফেরার সুযোগ পেয়েছেন শরীফ উদ্দিন।

চট্টগ্রাম ও কক্সবাজারে দায়িত্ব পালনকালে বেশ কয়েকটি আলোচিত দুর্নীতি ও অনিয়মের ঘটনা অনুসন্ধান করে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি।

বিশেষ করে কক্সবাজারে রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট তৈরিতে জড়িত চক্রের বিরুদ্ধে অনুসন্ধান, চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা এবং বিভিন্ন বড় দুর্নীতির তদন্তে তার ভূমিকা প্রশংসিত হয়।

তবে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক বিধিমালার ৫৪(২) ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

তার অপসারণের সিদ্ধান্তের পর বিভিন্ন মহলে সমালোচনা ও প্রতিবাদ দেখা দেয়। সাধারণ নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। অন্যদিকে, চাকরি ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যান শরীফ উদ্দিন।

দীর্ঘ আইনি লড়াই ও প্রশাসনিক পর্যালোচনা শেষে উচ্চ আদালতের নির্দেশনা এবং কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে তার অপসারণের আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে দুদকে পুনরায় চাকরি ফিরে পেয়েছেন তিনি।

আগামী রোববার সকালে দুদকের কার্যালয়ে যোগদানের পর নির্ধারিত প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে শরীফ উদ্দিনের।