
তরুণ মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী আশিয়ান গ্রুপ ও আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা দায়ের করেছেন।
রোববার (২৬ জুলাই) রাতে দায়ের করা মামলায় স্নিগ্ধা অভিযোগ করেন, বিজ্ঞাপনের একটি চুক্তি স্বাক্ষরের কথা বলে তাকে একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ঘটনার পর ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ নেননি। পরে ন্যায়বিচারের আশায় থানায় মামলা করেন।
এজাহার অনুযায়ী, অভিযুক্ত চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ নামে অন্য এক নারী ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্নিগ্ধার দাবি, ওই নারী অভিযুক্তের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছিলেন। ভুল পরিচয়ের কারণেই তিনি নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন।
মামলায় আরও বলা হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত ইমন নামের এক ব্যক্তি পরিস্থিতি শান্ত করার পরিবর্তে তাকে ওই নারীর পরিচয় স্বীকার করতে চাপ দেন।
স্নিগ্ধার অভিযোগ, নির্যাতনের সময় তার হাত-পা বেঁধে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এছাড়া তার গলা চেপে ধরা, চুল টেনে ধরা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তার শরীরে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন স্নিগ্ধা চৌধুরী। সম্প্রতি কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
তবে এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত মামলায় অভিযুক্ত মো. নজরুল ইসলাম ভূঁইয়া বা তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।











































