প্রচ্ছদ জাতীয় সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনাও সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা সরকারের নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের মধ্যে কোনো শঙ্কা কাজ করছে না।

ঢাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীগুলো সব সময় সতর্ক থাকে। প্রয়োজন অনুযায়ী তাদের মোতায়েন করা হয়। এটি তাদের নিয়মিত দায়িত্বেরই অংশ।

এ সময় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘর্ষের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ফজরের নামাজের পর একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড তৈরির চেষ্টা করেছিল। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তাদের নিজেদের মধ্যে বিরোধ থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ঘটনাটির বিস্তারিত তদন্ত এখনো সম্পন্ন হয়নি জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।