
মাদারীপুরের রাজৈরে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন, ‘আপনারা সাকসেস, আপনাদের যেটা ছিল সেটা হয়ে গেছে।’ ওসির এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার সকালে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় বন্দরের সড়কে দাঁড়িয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম। তার পাশে একাধিক মামলার আসামি উজির আহমেদ সাগরসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীকে দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে ওসিকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘ধন্যবাদ আপনাদের সবাইকে। গতকাল রাত থেকে আপনারা যে কর্মসূচি পালন করেছেন, সেই কর্মসূচিতে কোনো প্রকার সহিংস কোনো ঘটনা ঘটাননি। এজন্য আমার পক্ষ থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আপনারা কেউ বলতে পারবেন না যে অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাড়িতে আমরা হামলা করেছি বা হয়রানি করেছি। যদি বলতে পারেন, তাহলে সেটা মিথ্যা হবে।’
ওসি তার বক্তব্যে স্থানীয় সংসদ সদস্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমার এখানকার যে এমপি মহোদয়, উনি কিন্তু বলেছেন যে আমি আওয়ামী লীগের ভোটেই নির্বাচিত। এখানে মাত্র ১০ শতাংশ বা ১৫ শতাংশ লোক ভোটার, আর বাকি সব আওয়ামী লীগের। এখানে আপনারাই কিন্তু তাকে ভোট দিয়েছেন। আর সেই নেতা এখন পর্যন্ত বলেনি যে অমুককে ধরো, তমুককে ধরো। এরকম কথা তিনি এক বছরে বলেনি।’
একপর্যায়ে আন্দোলনকারীদের অবরোধ প্রত্যাহার করে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে ওসি বলেন, ‘যদি কারও মনে কোনো কষ্ট থেকে থাকে, এগুলো ভুলে গিয়ে রাষ্ট্রের এবং আপনাদের সম্পদ রক্ষা করার জন্য আপনারা দয়া করে শান্ত হবেন। রাস্তায় আর অবরোধ করার প্রয়োজন নেই। আপনারা সাকসেস। আপনাদের যেটা ছিল সেটা হয়ে গেছে।’
ওসির এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিশেষ করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরোধ কর্মসূচির মধ্যে একজন থানার ওসির বক্তব্য দেওয়া এবং তাদের উদ্দেশ্যে ‘আপনারা সাকসেস’ বলার বিষয়টি নিয়ে সমালোচনা দেখা দিয়েছে। মাদারীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন ,তার দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। উল্টো তিনি মামলার আসামিদের নিয়ে বক্তব্য দিয়েছেন। যেটা প্রত্যাশিত নয়।
এ সময় ওসির পাশে থাকা উজির আহমেদ সাগরসহ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে জানার জন্য মাদারীপুরের একাধিক পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি।










































