
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে কার্যালয়ের ভেতরে তাঁর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় খুলশী থানা পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে সহকারী নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর নাম নরেন ধর তবে বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।












































