প্রচ্ছদ জাতীয় শিবিরের সঙ্গে সংঘর্ষের পর যা বলেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

শিবিরের সঙ্গে সংঘর্ষের পর যা বলেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ক্যাম্পাসে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনাকে ‘একটি সুসংগঠিত অপপ্রচার’ বলে অভিহিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে শেয়ার করা এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি।

ফেসবুকে নাসির উদ্দিন নাসির লিখেছেন, ‘…বাস্তব চিত্র হলো – শিবির-সমর্থিত একটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদলের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতেও স্পষ্ট দেখা গেছে, চট্টগ্রাম কলেজের শিবির ক্যাডার তামিম ধারালো অস্ত্র হাতে হামলার নেতৃত্ব দিচ্ছে। অথচ এখন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরো ঘটনার দায় ছাত্রদলের ওপর চাপিয়ে একটি মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে, যা অত্যন্ত বিভ্রান্তিকর ও নিন্দনীয়।’

তিনি আরও বলেন, ‘শিবিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছদ্মবেশে প্রভাব বিস্তার ও গুপ্ত তৎপরতার অভিযোগ দীর্ঘদিনের। প্রকাশ্যে এক রূপ আর অন্তরালে ভিন্ন কৌশল – এটি তাদের পুরোনো চরিত্র। এখন প্রশ্ন হলো, সত্য তুলে ধরে তাদের ‘গুপ্ত’ সংগঠন হিসেবে অভিহিত করলে তাদের এত অস্বস্তি কেন? বাস্তবতা যতই আড়াল করার চেষ্টা হোক, তা সাধারণ শিক্ষার্থীদের কাছে আজ দিবালোকের মতো স্পষ্ট।এখন থেকে প্রতিটি ক্যাম্পাসে শিবিরকে একবার নয়, বরং হাজারবার গুপ্ত পরিচয়েই পরিচিত করানো হবে।’

শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের সংঘর্ষ কাম্য নয় উল্লেখ করে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আরও লিখেছেন, ‘শিবিরের এই নৃশংস হামলায় সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রদলের বহু নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আশ্বস্ত করছি, জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করবে। ঘৃণা, সংঘাত ও অশান্তি সৃষ্টিকারী এই গুপ্ত রাজনীতির হোতারা অচিরেই সচেতন শিক্ষার্থীদের রোষানলে বিলীন হবে।’

উল্লেখ্য, আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। শিবিরের দাবি, তাদের ১৫ জন ও ছাত্রদলের ৫ জন আহত হয়েছেন।