
দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বীথিকা বিনতে হোসাইন। তিনি প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবু-এর সহধর্মিণী।
সোমবার (২০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় বীথিকা বিনতে হোসাইন স্বামী শফিউল বারী বাবুর আদর্শ অনুসরণ করে মাঠপর্যায়ে কাজ করে আসছেন। বিশেষ করে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর এলাকায় দলীয় কার্যক্রম বাস্তবায়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছেন।
তিনি জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে রাজনীতিতে উঠে আসেন। পাশাপাশি ‘অর্পণ আলোক’ নামে একটি মানবিক সংগঠন প্রতিষ্ঠা করে নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন।
তার স্বামী শফিউল বারী বাবু বিএনপির একজন আলোচিত নেতা ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি জীবনের একটি বড় সময় কারাবরণ ও নির্যাতনের মধ্যে কাটিয়েছেন।
এদিকে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল এবং যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল।
সূত্র : news24bd












































