
রিহ্যাবের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
নির্বাচনে ঢাকা অঞ্চলে পরিচালক পদে ২৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাসনোভা মাহবুব সালাম।
রিহ্যাব নির্বাচনে ঢাকা অঞ্চলের ২০ পদের ১১টিতে জয় পেয়েছে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ।
নবনির্বাচিত পরিচালক তাসনোভা মাহবুব সালাম বলেন, আবাসন খাতের উন্নয়ন ও পরিকল্পিত নগরী গঠনই হবে নবনির্বাচিতদের অন্যতম লক্ষ্য।
আবাসন খাতের সংকট সমাধান করবে নতুন কমিটি এই আশাবাদ ব্যক্ত করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম।
এর আগে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সুষ্ঠু এবং স্বচ্ছভাবে একটানা চলে ভোটগ্রহণ।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ ভোটারের মধ্যে ৫১২ জন ভোট দিয়েছেন। অন্যদিকে, চট্টগ্রামের ৬১ ভোটারের মধ্যে ৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। সব মিলিয়ে ভোটের হার দাঁড়িয়েছে প্রায় ৮৫ শতাংশ।
দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচন ঘিরে আবাসন খাতে ব্যাপক আগ্রহ ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ২৯টি পদের বিপরীতে ৭৭ প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন বেশ জমে উঠে।
নির্বাচনে সভাপতি, ছয়টি সহ-সভাপতি, ১৯টি পরিচালকসহ মোট ২৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে তিনটি প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। এগুলো হলো- আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ ও জাগরণ প্যানেল। এর মধ্যে ঐক্য পরিষদ ও প্রগতিশীল পূর্ণাঙ্গ প্যানেল দিলেও জাগরণ প্যানেল আংশিকভাবে অংশ নেয়। পাশাপাশি সভাপতি ও পরিচালক পদে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে অংশ নেন।













































