
এনসিপি গঠনের সময় পদ-পদবির বিরোধে বেরিয়ে যাওয়া ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতারা দলটিতে ফিরছেন। আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত এনসিপিতে যোগ দেবেন। তাঁদের গঠিত প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ থেকে এবং জুলাই অভ্যুত্থানের কয়েকজন নেতাও যোগ দেবেন।
উভয়পক্ষ সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছে। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতাদের মধ্যে ছিলেন শিবিরের সাবেক নেতারা। অভ্যুত্থানের পরের মাসে গঠিত জাতীয় নাগরিক কমিটিতেও তাঁরা ছিলেন। আহসান জুনায়েদ যুগ্ম আহ্বায়ক এবং সালমান রিফাত যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন।
গত বছরের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের সময় পদ-পদবি এবং দলীয় আদর্শ কী হবে- এ নিয়ে টানাপোড়েনে দলটিতে আসেননি শিবিরের সাবেক এ নেতারা। দুই মাস পর গঠন করেন আপ বাংলাদেশ। সাবেক শিবির নেতা ছাড়াও অনেকে যোগ দেন এতে।
গত বছরের নভেম্বরে এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে সংগঠনটির জোট হওয়ার কথা থাকলেও শেষ সময়ে তা ভেস্তে যায়। রাষ্ট্র সংস্কারের সঙ্গে জোট করলেও শেষ পর্যন্ত এনসিপি ও এবি পার্টি যায় জামায়াতে ইসলামীর নির্বাচনী ঐক্যে। গণঅধিকার পরিষদ নির্বাচনী সমঝোতা করে বিএনপির সঙ্গে। নির্বাচনের পর আপ বাংলাদেশ ভেঙে কয়েক নেতা জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি গঠন করেছেন।
আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান, মুখ্য সমন্বয়কারী রাফে সালমান, মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ ৩৩ জন নেতা এনসিপিতে যোগ দিলেও, এ তালিকায় নেই সংগঠনটির সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। তিনি জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র ছিলেন।
এনসিপি গঠনের সময় আলী আহসানকে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং রাফে সালমানকে যুগ্ম সদস্য সচিব পদে প্রস্তাব করা হয়েছিল। দলটির সূত্র জানিয়েছে, তাদের অনুসারীরা আলী আহসানকে সদস্য সচিব পদে চেয়েছিলেন। তবে এবার আলী আহসানকে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক কাউন্সিলের (পিসি) সদস্য করা হবে। রাফে সালমানকে নির্বাহী কাউন্সিলের (ইসি) সদস্য করা হবে।
এনসিপিতে যোগদানের সত্যতা নিশ্চিত করে রাফে সালমান, অতীতে যা হবার হয়ে গেছে। এখন এনসিপিকে শক্তিশালী করতে হবে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, রোববার দুপুরে আরও অনেকেই যোগ দেবেন।
জামায়াতের সঙ্গে জোট করায় গত বছরের ডিসেম্বরে ডা. তাসনিম জারাসহ এনসিপি অন্তত ১৫ নেতা পদত্যাগ করেন, দল ছাড়েন। নিষ্ক্রিয় হয়েছেন কয়েকজন। এনসিপি সূত্র জানিয়েছে, বিএনপিতে যোগ দেওয়া বাদে অন্যদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।













































