প্রচ্ছদ জাতীয় প্যারোলে মুক্তির আবেদন করেননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে এনে দেখানোর আবেদন

প্যারোলে মুক্তির আবেদন করেননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে এনে দেখানোর আবেদন

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্যের মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখার জন্য প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা। বরং সন্তানের লাশ কারাগারের সামনে নিয়ে গেলে তাকে দেখার সুযোগ দেওয়ার আবেদন করেছিলেন শর্মী। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই মানবিক বিবেচনায় কারাফটকে সন্তানকে শেষবারের মতো দেখার ব্যবস্থা করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) এ বিষয়ে যুগান্তরকে মো. সোহেল রানা বলেন, কোনো নাগরিক কারাগারে বন্দি থাকা অবস্থায় তার সন্তান মারা গেলে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী প্যারোলে মুক্তির আবেদন করলে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু শারমিন সুলতানা শর্মী প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেননি।

তিনি আবেদন করেছিলেন, তার সন্তানের লাশ কারাগারে নিয়ে এলে যেন তাকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সেই ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ ও সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানার শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানা শর্মীকে গ্রেফতার করে লালবাগ থানা-পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ৪ অক্টোবর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানা-পুলিশ জানতে পারে, শারমিন সুলতানা শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়। এরপর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

শারমিন সুলতানা শর্মী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সন্তানের মৃত্যুর পর কারাফটকে শেষ দেখা

পারিবারিক সূত্রে জানা যায়, শারমিন সুলতানার ১৫ বছর বয়সি প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য গত শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মারা যায়। সন্তানের মৃত্যুর খবর পেয়ে শর্মী তাকে শেষবারের মতো দেখার আবেদন করেন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তূর্যের লাশ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সামনে নিয়ে আসা হয়। পরে কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় কারাফটকে মায়ের সঙ্গে সন্তানের শেষ দেখা করার ব্যবস্থা করা হয়। মরদেহ দেখার পর শারমিন সুলতানাকে পুনরায় কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলামও জানিয়েছেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনো আবেদন বা কাগজপত্র তারা পাননি। তার স্বামী শাহাদাৎ হোসেন নিপু সন্তানের লাশ কারাফটকে নিয়ে এসে স্ত্রীকে দেখানোর আবেদন করেছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ও নিরাপত্তা নিশ্চিত করে মানবিক বিবেচনায় সেই ব্যবস্থা করা হয়।

সন্তানের মৃত্যুর পর শারমিন সুলতানার প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল কিনা, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। তবে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা, জেলা প্রশাসক এবং কারা কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, শর্মীর প্যারোলে মুক্তির কোনো আবেদন তাদের কাছে জমা পড়েনি। তার পরিবর্তে সন্তানের লাশ কারাগারের সামনে এনে দেখানোর আবেদন করা হয়েছিল।

এদিকে শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, শর্মী গ্রেফতারের পর তার প্রতিবন্ধী সন্তান মানসিকভাবে ভেঙে পড়েছিল। মায়ের অনুপস্থিতিতে সন্তানের পরিচর্যা নিয়েও পরিবারকে সমস্যায় পড়তে হয়েছিল।

সন্তানের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে প্যারোলে মুক্তির আবেদন না করার বিষয়ে শর্মীর নিজস্ব বক্তব্য পাওয়া যায়নি।