
“পদত্যাগ করতেও হেডম লাগে, যা আমাদের দেশের রাজনীতিবিদদের নাই। বরং পদ পাওয়ার জন্য ঘুষ দেওয়া থেকে শুরু করে এহেন হীন কাজ নাই যা করে না।”
কথাটা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন!
আমাদের দেশের রাজনীতিতে যেখানে একটা পদের জন্য মানুষ মরিয়া হয়ে থাকে, সেখানে নিজের আত্মসম্মানবোধ থেকে সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ার মতো সৎসাহস কজনের আছে? ড. ওসমান ফারুক সেই বিরল উদাহরণটাই তৈরি করলেন।
অনেকেই হয়তো জানেন না, মানুষটার পারিবারিক আর একাডেমিক ব্যাকগ্রাউন্ড কতটা সমৃদ্ধ! তার বাবা ড. মুহাম্মদ ওসমান গনি ছিলেন দেশের একজন কিংবদন্তি বিজ্ঞানী ও শিক্ষাবিদ, যিনি বাংলাদেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শুধু তাই নয়, ওসমান ফারুকের ভাই এম. ওসমান সিদ্দিক ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম আমেরিকান রাষ্ট্রদূত!
আর ড. ওসমান ফারুক নিজে ঢাকার সেন্ট গ্রেগরীজ স্কুল ও ঢাকা কলেজ পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা, এরপর ইউএসএইড ফেলোশিপে আমেরিকার টেক্সাস থেকে মাস্টার্স এবং বিশ্বখ্যাত কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, ছিলেন বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানের সিনিয়র স্টাফ।
এত উঁচু মানের একজন স্কলার, যাকে স্বয়ং খালেদা জিয়া আহ্বান জানিয়ে বিশ্বব্যাংকের লোভনীয় চাকরি ও সুযোগ-সুবিধা ছাড়িয়ে দেশের রাজনীতিতে এনেছিলেন। এমনকি কোনো মন্ত্রিত্বের প্রতিশ্রুতি ছাড়াই শুধু দেশ ও এলাকার মানুষের টানে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে ২০০১ সালে শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
অথচ আজকের চিত্রটা কী? দীর্ঘ ৮ বছর প্রবাস জীবন কাটিয়ে ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর দেশে ফিরলেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ নিয়ে জিতেও আসলেন। কিন্তু এরপর?
কাগজে-কলমে তিনি ১৪ নভেম্বর শারীরিক অসুস্থতা আর আমেরিকায় চিকিৎসার কথা বলে স্পিকারের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। কিন্তু ভেতরের খবরটা তো আর চাপা থাকছে না।
অধ্যাপক কামরুল হাসান মামুন একদম সোজা বলে দিছেন, সেটাই এখন সবার মুখে মুখে, খালেদা জিয়ার ডাকে যিনি রাজনীতিতে এসেছিলেন, তারেক রহমানের অবহেলায় আজ তাকে সংসদ সদস্য পদ ছাড়তে হলো!
রাজনৈতিক মহলেও জোর আলোচনা চলছে যে, সরকার গঠনের পর তার মতো একজন জ্যেষ্ঠ ও যোগ্য মানুষকে মন্ত্রিসভায় না রাখায় চরম অসন্তোষ আর অভিমান তৈরি হয়েছিল।
অধ্যাপক মামুন ঠিকই বলেছেন, এই সরকারে শিক্ষাদীক্ষায় উঁচু মানের এমন গুণী মানুষ খুব কমই আছে। দল যদি এভাবে নিজের ঘরের মেধাবীদের মূল্যায়ন করতে না জানে, তবে দিনশেষে ক্ষতিটা কিন্তু দেশেরই।
গুণীজনের কদর না করলে গুণীজন জন্মায় না……কথাটা আবারও প্রমাণ হলো।









































