
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়কে ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ এবং ‘বিচারিক অবিচার’ (মিসক্যারেজ অব জাস্টিস) বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, বিচারপতির আসনে বসে ওই রায় দেওয়া ছিল লজ্জার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেন, আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনা ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা। বিচারপতি হিসেবে এই চেয়ার থেকে যে রায় দেওয়া হয়েছে, তা লজ্জার।
এ সময় তিনি ওই রায়কে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বলে উল্লেখ করেন।
শুনানিতে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তা নিয়েও প্রশ্ন তোলেন আপিল বিভাগের বিচারপতিরা।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তারা। বর্তমানে তিনজনই কারাগারে রয়েছেন।
এর আগে, নকলার চারজনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত শেষে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আন্তর্জাতিক অপরাধ আদালত ২০১৩ ফেব্রুয়ারি মাসে আবদুল কাদের মোল্লাকে ১৯৭১ সালে সংঘটিত হত্যা এবং ধর্ষণের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের নেতৃত্বে গড়ে উঠা আন্দোলনের চাপে পরবর্তীতে সরকার আইন সংশোধনের মাধ্যমে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপীল করে। সুপ্রিম কোর্টের আপীল বিভাগ পরে আবদুল কাদের মোল্লাকে একই অপরাধে মৃত্যুদণ্ড দেন। একই বছরের ১২ ডিসেম্বর ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।








































