প্রচ্ছদ জাতীয় তাহসিফের মৃ’ত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, বারের সেই তরুণীও গ্রেপ্তার

তাহসিফের মৃ’ত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, বারের সেই তরুণীও গ্রেপ্তার

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় নতুন অগ্রগতি হিসেবে ‘দিশা’ নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। অন্যদিকে এ মামলায় হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্যপ্রমাণ মেলায় গ্রেপ্তার হওয়া তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তারা।

টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। একই দিন দিবাগত মধ্যরাত থেকেই চার দিনের রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তসংশ্লিষ্টরা।

এর আগে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ দোহা সুমন জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড অনুমোদন করেন।

নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু দীপের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। রিমান্ডে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দীপ। ফুটেজ ও গোপন তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে দীপ তাহসিফকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে তাহসিফ আর ফেরেননি; দীপ একাই ফিরে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও দীপের বয়ানে চরম অসংগতি পাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে আটক করে পিবিআই। পরে শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে দীপকে গ্রেপ্তার দেখানো হয়। থানায় হত্যা মামলা রুজু হলেও লিখিত অভিযোগে বাবা সরাসরি কাউকে অভিযুক্ত না করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান।

২৮ বছর বয়সী তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে নিখোঁজ হন। পরদিন বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটের কাছে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

উত্তরায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, দীপ প্রায়ই তাঁদের বাসায় আসতেন। তবে ঘটনার পর তাঁর দেওয়া তথ্যে বড় ধরনের বৈপরীত্য রয়েছে। এনায়েতুল করিম বলেন, “পিবিআইয়ের কাছে দীপ স্বীকার করেছে তারা টঙ্গী গিয়েছিল। অথচ সে আমাকে বলেছিল তাহসিফকে সে আমাদের বাসার চত্বরে নামিয়ে দিয়ে গেছে। এতেই বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে। আমি জানি না আসলে কী ঘটেছে বা এর পেছনে কারা জড়িত।” তিনি দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশের দাবি জানান।