
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন। এই সংলাপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটও অংশ নিতে পারে।
সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হবে। এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদের একজন সদস্যও বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
এনসিপির ওই নেতা বলেন, ‘ঐক্যের পক্ষে যেকোনো ইতিবাচক আহ্বানে আমরা সাড়া দেওয়ার কথা জানিয়েছি। একই সঙ্গে সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে আমরা অনড় থাকব। তবে আওয়ামী লীগের প্রতিরোধের বিষয়ে আমরা ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছি।’
এর আগে, গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় ক্রমবর্ধমান সহিংসতার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া তৈরির বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমে বলেন, বৈঠকে বিরোধীদলীয় নেতা দুটি প্রস্তাব দেন। এর একটি হলো সংসদে গণভোটের রায় বাস্তবায়ন এবং অন্যটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ঐক্য গড়ে তোলা।
ওই নেতা আরও বলেন, বিরোধী দলগুলোর মধ্যে বিভক্তির সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও রাজপথে নামার চেষ্টা করছে বলে মনে করেন বিরোধীদলীয় নেতা।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলটির সঙ্গে বৈঠকের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। আশা করি, শিগগিরই তাঁরা আমাদের বৈঠকের তারিখ জানাবেন।
তিনি আরও জানান, বিরোধীদলীয় নেতা আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর যেকোনো সময় বৈঠকটি হতে পারে।
এদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, বোমা হামলা ও লক্ষ্যবস্তু করে হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনার মধ্যে রয়েছে কয়েকটি থানায় আগুন দেওয়া এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, এস এম জিলানী, মো. সেলিমুজ্জামান মোল্লা ও কে এম বাবরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা।
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অন্তত ৮৭টি শাখায়ও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলার সময় অনেক ক্ষেত্রে হামলাকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসব হামলায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বিএনপির তিন নেতা ও দুই বাসচালক রয়েছেন।
সূত্র: ডেইলি ওয়াদা









































