প্রচ্ছদ জাতীয় গোপালগঞ্জে বিশাল পথসভা করলেন জামায়াত আমির

গোপালগঞ্জে বিশাল পথসভা করলেন জামায়াত আমির

গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে ‘ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ’-এর বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। লংমার্চের বহর ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে হাজার হাজার নারী-পুরুষ বহরটিকে স্বাগত জানান। এ সময় জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জনতার উদ্দেশে বক্তব্য রাখেন।

জনতার উচ্ছ্বাসকে সম্মান জানিয়ে তিনি ১১ দলের সাত দফা দাবি আদায়ে অনড় ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

গোপালগঞ্জের কাশিয়ানীর পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরের পথসভায় যোগ দেবে এই লংমার্চ। এরপর যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহের বাস টার্মিনালের পথসভায় যোগ দিয়ে সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া লংমার্চ রুটের বিভিন্ন স্থানে আয়োজিত গণজমায়েতে অনানুষ্ঠানিক বক্তব্য দেবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ অন্য নেতারা। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে ১১ দলের স্থানীয় নেতাকর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করবে লংমার্চের বহর।

এর আগে সকাল ১০টায় শরীয়তপুরের নাওডোবায় এক পথসভায় যোগ দেয় লংমার্চের বহর। তারও আগে সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাবি আদায়ে ১১ দল গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চ পরিচালনা করে।