
টানার ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেছেন নাটোরের ছাত্রদল নেতা শাকিল ইসলাম। ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ইতোমধ্যেই গ্রেফতার নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানকে প্রত্যাহার করে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। শাকিল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, নুরুজ্জামান মিন্টু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে হত্যার শিকার শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব। প্রাথমিকভাবে জানা গেছে, এমপির দুই ছেলের অনুসারীদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
এর আগে গত ১৪ অক্টোবর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (২৩) মারা যান। সোমবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। শাকিল গুরুদাসপুর উপজেলা সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। পরে ঘটনায় স্থানীয় এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করে পুলিশ।









































