প্রচ্ছদ জাতীয় বড় দুঃসংবাদ পেল ভারত

বড় দুঃসংবাদ পেল ভারত

এশিয়া কাপের মঞ্চে নামার আগেই ধাক্কা খেল ভারত। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার জেমিমা রদ্রিগেজকে পাচ্ছে না তারা। হ্যামস্ট্রিংয়ের চোটে শুধু নারী এশিয়া কাপ নয়, পরের এশিয়ান গেমস থেকেও ছিটকে গেছেন ভারতের এই ব্যাটার।

জেমিমার বদলি হিসেবে এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন প্রতিকা রাওয়াল। তার জন্য এটি বিশেষ সুযোগ। ভারতের টি-টোয়েন্টি দলে এবারই প্রথম ডাক পেয়েছেন তিনি। তবে এশিয়ান গেমসে জেমিমার বিকল্প হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি ভারত।

ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলতে গিয়েই চোট পান জেমিমা। দেশে ফেরার পর পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, চোটের মাত্রা বেশ গুরুতর। ফলে পুনর্বাসন প্রক্রিয়ায় তাকে দীর্ঘ সময় কাটাতে হবে।

জেমিমার অনুপস্থিতির সঙ্গে ভারতের দুশ্চিন্তা বাড়িয়েছে আরও একটি চোট। লিগামেন্টের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন শ্রেয়াঙ্কা পাতিল। তার জায়গায় দলে ঢুকেছেন লেগ স্পিনার প্রেমা রাওয়াত।

আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী এশিয়া কাপ। ভারতের অভিযান শুরু হবে ৩০ আগস্ট থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৩ সেপ্টেম্বর হংকং এবং ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ভারত।

এশিয়া কাপের ভারতের স্কোয়াড-

হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, ভারতি ফুলমালি, রিচা ঘোষ (উইকেটকিপার), জি কামালিনি (উইকেটকিপার), দিপ্তি শর্মা, রাধা যাদব, প্রেমা রাওয়াত, অরুন্ধাতি রেড্ডি, ক্রান্তি গৌর, রেনুকা সিং, শ্রি চারানি, নান্দানি শর্মা।

সূত্র : ঢাকা পোস্ট