
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একই সঙ্গে শাখা ছাত্রদলের সদস্য সচিবের সাংগঠনিক পদ স্থগিত করে সিনিয়র যুগ্ম আহ্বায়ককে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস, মো. সোলেমান বাদশা এবং নকিবুল আবছার শাওনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাবিপ্রবি শাখা ছাত্রদলের সদস্য সচিব জিশান আহম্মেদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামস শাহরিয়ারকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ সিদ্ধান্তও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, বহিষ্কৃত তিন যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, পদ স্থগিত হওয়া সদস্য সচিব জিশান আহম্মেদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালকের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। পরস্পরবিরোধী বিভিন্ন অভিযোগের মধ্যেই শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার এবং একজনের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
এদিকে, পদ স্থগিতের পর কেন্দ্রীয় ছাত্রদলের দুটি সংবাদ বিজ্ঞপ্তি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে জিশান আহম্মেদ লিখেছেন, সংগঠনের সিদ্ধান্ত চূড়ান্ত।
এ বিষয়ে জানতে চাইলে রাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব কালবেলাকে বলেন, বহিষ্কৃত তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তা, সংগঠনবিরোধী তৎপরতা, সংগঠনের বাইরে অপতথ্য ছড়ানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে সদস্য সচিবের পদ স্থগিতের বিষয়টি উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে।












































