প্রচ্ছদ জাতীয় স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে। তবে তা সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন কবে হতে পারে—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান আগেই জানানো হয়েছে। চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা থাকবে। তা সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকারের সরাসরি কিছু করার নেই। বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিষয়গুলো নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সংসদের স্পিকার মির্জা হাফিজ উদ্দিন দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত বিএনপিই নেবে।