
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে এক প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার পরিকল্পনা শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয়। একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে যমুনা নদীর সেতুতে গেলেও শেষ পর্যন্ত শুধু প্রেমিকই নদীতে ঝাঁপ দেন। আর প্রেমিকা সেখান থেকে হেঁটে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ওই যুবককে জীবিত উদ্ধার করে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রেমিক-প্রেমিকা আগে থেকেই একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী তারা সেতুতে যান এবং সেখানে কিছুক্ষণ কথা বলেন।
একপর্যায়ে আনু গুপ্তা নামে ওই যুবক যমুনা নদীতে ঝাঁপ দেন। তবে তার সঙ্গে থাকা তরুণী আর ঝাঁপ না দিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান। বিষয়টি দেখে উপস্থিত লোকজন দ্রুত পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিছু সময়ের চেষ্টার পর আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আনু গুপ্তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
এ ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পাশাপাশি ওই যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় ও ঘটনার সময় তার ভূমিকা জানতে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
সূত্র: ইন্ডিয়া টুডে













































