প্রচ্ছদ জাতীয় স্বাস্থ্যমন্ত্রী সো বিজি: স্পিকার

স্বাস্থ্যমন্ত্রী সো বিজি: স্পিকার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর ঝুঁকিপূর্ণ, আবাসিক ভবন জরাজীর্ণ এবং চিকিৎসা সরঞ্জাম অকার্যকর হয়ে পড়ার অভিযোগ সংসদে তোলার সময় স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিসের ওপর কথা বলছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।

তিনি বক্তব্য শুরু করলে এক পর্যায়ে স্পিকার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে উদ্দেশ করে বলেন, “মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, সো বিজি? আপনার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন সদস্য, একটু দয়া করে শুনুন।”

এরপর বিলকিস ইসলাম বলেন, তার নোটিসের বিষয় নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর পুনর্নির্মাণ ও সার্বিক উন্নয়ন।

তিনি বলেন, “নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ওয়ালটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।”

সীমানা প্রাচীরের উচ্চতা কম হওয়ায় সন্ধ্যার পর বাইরের লোকজন হাসপাতাল এলাকায় প্রবেশ করে ‘সামাজিক অপকর্মে’ লিপ্ত হয় বলেও অভিযোগ করেন এই সংসদ সদস্য।

বিলকিস বলেন, এতে স্বাস্থ্যসেবাও ঝুঁকির মধ্যে পড়ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ও কোয়ার্টারের অবস্থাও সংসদে তুলে ধরেন তিনি।

বিলকিস বলেন, “আবাসিক ভবন ও কোয়ার্টারগুলির অবস্থা এতই জরাজীর্ণ যে সেখানে কেউ বসবাস করে না। অনুপযোগী হয়ে গেছে।”

হাসপাতালের চিকিৎসা সরঞ্জামের অবস্থা তুলে ধরে তিনি বলেন, অটোমেটেড হেমাটোলজি মেশিন ও ডেন্টাল চেয়ার পুরনো এবং অকার্যকর হয়ে পড়েছে। এতে রোগ নির্ণয় ও দন্ত চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন বিলকিস ইসলাম।

তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামো উন্নয়ন, সীমানা প্রাচীর পুনর্নির্মাণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

৭১ বিধির আওতায় দেওয়া নোটিসে সংসদ সদস্যরা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সংসদে নোটিস গৃহীত হলে ওই নোটিসের ওপর দুই মিনিট বক্তব্য রাখার সুযোগ পান সংসদ সদস্য।