
রাউজানে ইসলামী ফ্রন্টের এক নেতার কাছে মুঠোফোনে চাঁদা দাবি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ১৫ মিনিটের মধ্যে নির্দিষ্ট বিকাশ নম্বরে টাকা পাঠানোর নির্দেশ দিয়ে তাকে বলা হয়েছে, চাঁদা না দিলে যেখানে পাওয়া যাবে, সেখানেই গুলি করে হত্যা করা হবে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নেতা।
হুমকির শিকার মাওলানা ইলিয়াস নুরী ইসলামী ফ্রন্টের রাউজান উপজেলা শাখার সভাপতি। তিনি রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া মাদরাসার অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রামের রাউজান আসনে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।
থানায় দেয়া লিখিত অভিযোগে ইলিয়াস নুরী উল্লেখ করেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে তার মুঠোফোনে একটি নম্বর থেকে কল আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে তার কাছে চাঁদা দাবি করেন। একই সঙ্গে ১৫ মিনিটের মধ্যে একটি বিকাশ নম্বরে টাকা পাঠানোর নির্দেশ দেন। অন্যথায় তাকে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়।
প্রথমবার ফোন করার প্রায় ১০ মিনিট পর একই নম্বর থেকে আবারও কল আসে। তখন হুমকিদাতা জানতে চান, তিনি চাঁদার টাকা পাঠিয়েছেন কি না। দ্রুত টাকা পাঠানোর তাগিদ দিয়ে ওই ব্যক্তি বলেন, তাকে বাঁচানোর জন্য আবার ফোন করা হয়েছে। টাকা না দিলে তাকে হত্যা করতে হবে। অন্যদের হত্যার প্রসঙ্গ টেনে তাকেও গুলি করে মেরে ফেলার হুমকি দেয়া হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মাওলানা ইলিয়াস নুরী জানান, যখন তাকে প্রথম ফোন করা হয়, তখন তিনি মসজিদে অবস্থান করছিলেন। ফোনে চাঁদা দাবি করা হলেও কত টাকা দিতে হবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। হুমকিদাতা নিজের পরিচয়ও প্রকাশ করেননি। বরং স্থানীয় একজন সন্ত্রাসীর নাম ব্যবহার করে টাকা দাবি করেন এবং একটি বিকাশ নম্বরে চাঁদা পাঠাতে বলেন।
ইলিয়াস নুরী বলেন, আমাকে বলেছে, পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব। কসম কেটে বলেছে, চাঁদা না দিলে আমাকে হত্যা করা হবে। আমি এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি, পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।









































