
বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত থাকলেও মাঠের বাইরের লড়াইয়ে ধাক্কা খেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়ে দুই নম্বরে নেমে গেছে লিওনেল স্কালোনির দল। তাদের সরিয়ে আবারও এক নম্বরে উঠে এসেছে ফ্রান্স।
আরও দেখুন
হালনাগাদ র্যাঙ্কিংয়ে ফ্রান্সের সংগ্রহ ১৯১৬.২৪ পয়েন্ট। আর্জেন্টিনার পয়েন্ট ১৯০৭.৪০। ১৮৭৯.৫৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে স্পেন।
বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্স ছিল তিন নম্বরে। গ্রুপ পর্বে টানা তিন জয় এবং শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে তারা অতিরিক্ত ৯.৪ রেটিং পয়েন্ট অর্জন করে। ফলে মোট ১৯১৬.২৪ পয়েন্ট নিয়ে তারা আবারও র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে।
অন্যদিকে বিশ্বকাপ শুরু করেছিল এক নম্বর দল হিসেবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে শতভাগ সাফল্য পেলেও এখনও নকআউট পর্বের ম্যাচ খেলেনি তারা। ফলে ফ্রান্সের বাড়তি রেটিং পয়েন্টের কারণে দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
আগামী শনিবার (৪ জুলাই) রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে সেই ম্যাচে বড় ব্যবধানে জিতলেও সঙ্গে সঙ্গে শীর্ষস্থান ফিরে পাওয়া সহজ হবে না। কারণ ফিফার বর্তমান রেটিং পদ্ধতিতে ম্যাচের গুরুত্ব, প্রতিপক্ষের শক্তিমত্তা এবং প্রত্যাশিত ফলাফলের ভিত্তিতে পয়েন্ট যোগ বা বিয়োগ হয়। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে হারালে রেটিং পয়েন্টও তুলনামূলক কম বাড়ে।
বিশ্বকাপের আগে পর্যন্ত ফ্রান্সই ছিল র্যাঙ্কিংয়ের শীর্ষে। তবে টুর্নামেন্ট শুরুর আগে আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচে হারের কারণে তারা তিন নম্বরে নেমে যায়। সেই সুযোগে আর্জেন্টিনা উঠে আসে এক নম্বরে এবং স্পেন ছিল দ্বিতীয় স্থানে। বিশ্বকাপে ধারাবাহিক জয়ে হারানো সিংহাসন পুনরুদ্ধার করেছে দিদিয়ের দেশমের দল।
এদিকে শীর্ষ দশেও এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। ১৮৪০.৪৬ পয়েন্ট নিয়ে চারে রয়েছে ইংল্যান্ড। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল উঠে এসেছে পাঁচ নম্বরে। গ্রুপ পর্বে শতভাগ সাফল্যের পর শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে সেলেসাওরা ১৯.৭৩ রেটিং পয়েন্ট যোগ করেছে। তাদের মোট পয়েন্ট এখন ১৮০৪.৯২।
এক ধাপ করে উন্নতি হয়েছে মরক্কো ও নেদারল্যান্ডসের। মরক্কো এখন ছয়ে এবং নেদারল্যান্ডস সাত নম্বরে রয়েছে। যদিও শেষ ৩২-এর ম্যাচে টাইব্রেকারে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ডাচরা। অন্যদিকে তিন ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে পর্তুগাল।
বিশ্বকাপের অন্যতম চমক মেক্সিকো। সহ-আয়োজক দেশটি চার ধাপ এগিয়ে এখন নবম স্থানে উঠে এসেছে। বেলজিয়াম রয়েছে দশ নম্বরে।
২০২৬ সালের মার্চ থেকে ফিফার রেটিং ব্যবস্থা আরও গতিশীল হয়েছে। এখন ম্যাচ চলাকালীন গোল হওয়ার সঙ্গে সঙ্গেই রেটিংয়ের হিসাব রিয়েল-টাইমে হালনাগাদ হয়। সর্বশেষ প্রকাশিত তালিকায় বাংলাদেশ আগের মতোই ১৮১তম অবস্থানে রয়েছে।
সূত্র : বাংলা ভিশন











































