
বিএনপির সাংগঠনিক পুনর্গঠনে গতি এসেছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠনের পর এবার ছাত্রদলের কমিটি ঘোষণা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংগঠনটির নতুন কমিটি গঠনের প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে যেকোনো সময় ঘোষণা করা হতে পারে ছাত্রদলের নতুন কমিটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের পদপ্রত্যাশীদের রাজনৈতিক অতীত ও পারিবারিক রাজনৈতিক পরিচয় যাচাই-বাছাইয়ের কারণে কমিটি ঘোষণায় কিছুটা সময় লাগছে। বিশেষ করে ছাত্রলীগ বা ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে অতীতে যুক্ত ছিলেন তাদের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বিএনপি। নতুন কমিটিতে অনুপ্রবেশ ঠেকাতেই চলছে নানা কৌশল।
বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, ছাত্রদলের রাজনীতিতে বড় ধরনের সংস্কার আনতে এবং তথাকথিত ‘গুপ্তচরভিত্তিক’ রাজনীতির চর্চা বন্ধ করতে বিএনপি হাইকমান্ড একটি কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
জানা গেছে, চলতি মাসের মধ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো কমিটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এরই মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এর পরপরই ছাত্রদলের কমিটি ঘোষণার বিষয়টি নতুন করে সামনে এসেছে।
দলীয় সূত্রের দাবি, ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনে সাংগঠনিক দক্ষতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, ত্যাগ এবং দলের প্রতি আনুগত্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্ভাব্য নেতৃত্ব নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। পদপ্রত্যাশী নেতারাও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।
বিশেষ করে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা এবং পরবর্তী সময়ে সংগঠন পরিচালনায় নেতাদের দক্ষতাও গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য ও কার্যকর নেতৃত্ব গড়ে তোলার বিষয়টি সামনে এসেছে। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরবে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।
দলীয় সূত্রের দাবি, ছাত্রদলের নতুন নেতৃত্বের একটি সম্ভাব্য তালিকা বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে রয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলেই ঘোষণা করা হতে পারে নতুন কমিটি।
এরই মধ্যে ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের বিদায়ী সাক্ষাৎ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তা নতুন কমিটি ঘোষণার জল্পনাকে আরও জোরালো করেছে।
এদিকে সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ জানিয়েছেন, ছাত্রদলের কমিটি গঠন একটি নিয়মিত ও ধারাবাহিক প্রক্রিয়া এবং তাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সিদ্ধান্তের ওপরই নতুন কমিটি ঘোষণা নির্ভর করছে। নেতৃত্বে আসার জন্য সংগঠনের ভেতরে কোনো কোন্দল বা অসুস্থ প্রতিদ্বন্দ্বিতা নেই, বরং একটি সুস্থ প্রতিযোগিতা রয়েছে। বিগত কমিটিগুলোতে যারা দীর্ঘদিন সততার সাথে কাজ করার সুযোগ পেয়েছেন, তারা নেতৃত্বের এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আগামী দিনে যাকেই যোগ্য মনে করে ছাত্রদলের গুরুদায়িত্ব অর্পণ করবেন, সকল পর্যায়ের নেতাকর্মী একতাবদ্ধ হয়ে তাকে পূর্ণ সহযোগিতা করবেন এবং যৌথ প্রচেষ্টায় সংগঠনকে আরও গতিশীল করে তুলবেন।
ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এনপিবি নিউজকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি গঠন একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে, যার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সংগঠনের সাংগঠনিক অভিভাবক ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যে ঢাকা মহানগর বিএনপি ও যুবদলের কমিটি সম্পন্ন হওয়ায় যেকোনো মুহূর্তে ছাত্রদলের কমিটিও ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নেতা শ্যামল মালুম।
ছাত্র দলের সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল এনপিবি নিউজকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দেশের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে গভীর উচ্ছ্বাস ও প্রত্যাশা তৈরি হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল জানিয়েছেন, ছাত্রদল শুধু একটি ছাত্রসংগঠন নয়, বরং স্বৈরাচারবিরোধী আন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানসহ গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে এটি সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক নাম। বিগত ফ্যাসিবাদী শাসনামলে যারা হামলা, মামলা ও জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছেন, রাজপথের সেই ত্যাগী ও মেধাবী মুখগুলোর যথাযথ মূল্যায়ন এখন সময়ের সবচেয়ে বড় দাবি। আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, নিরাপদ ক্যাম্পাস ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব অগ্রণী ভূমিকা পালন করবে।
ছাত্র দলের সহ সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল এনপিবি নিউজকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন একটি নিয়মিত ও ধারাবাহিক প্রক্রিয়া। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে আগামী নতুন কমিটি ঘোষণা। সংগঠনে নেতৃত্বের জন্য আমাদের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা রয়েছে, কোনো ধরনের অসুস্থ প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা নেই। আমাদের অভিভাবক যাকেই যোগ্য মনে করে দায়িত্ব দেবেন, সকল পর্যায়ের নেতৃবৃন্দ একতাবদ্ধ হয়ে তার সাথে কাজ করবেন এবং তাকে পূর্ণ সহযোগিতা দেবেন।
ডা: তৌহিদুর রহমান আউয়াল আরও বলেন, একটি কমিটির মেয়াদ শেষ হলে নতুন কমিটিকে ঘিরে সবার মাঝেই এক ধরনের আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়, যা অত্যন্ত স্বাভাবিক। ছাত্রদলের বর্তমান নেতাকর্মীদের মাঝেও সেই একই রকম আগ্রহ রয়েছে। এর মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।










































