
শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের ব্যারিস্টার স্টিভেন পওলস্ কেসি। নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক পরিচয় দিয়ে সোমবার (৯ নভেম্বর) ই-মেইলে চিঠিটি পাঠান তিনি। তবে তাঁকে শেখ হাসিনা নাকি আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে, সে বিষয়ে কোনো প্রকাশ্য নথি পাওয়া যায়নি। এমনকি তাঁর পারিশ্রমিক বা অর্থের উৎস সম্পর্কেও কোনো তথ্য প্রকাশিত হয়নি।
স্টিভেন পওলস্ যুক্তরাজ্যের একজন ব্যারিস্টার। ১৯৯৭ সালে আইনজীবী হিসেবে পেশা শুরু করেন তিনি। ২০১৯ সালে পান কুইন্স কাউন্সেল (কিউসি) মর্যাদা। আন্তর্জাতিক ফৌজদারি আইন, প্রত্যর্পণ ও মানবাধিকার বিষয়ে তাঁর বিশেষজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের সদস্য। এর আগে অন্তত ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ডাউটি স্ট্রিট চেম্বার্সে ছিলেন।
প্রকাশ্য নথি ও সংবাদমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, গত ১৫ মাসে অন্তত পাঁচটি আন্তর্জাতিক উদ্যোগে শেখ হাসিনার পক্ষে কাজ করেছেন পওলস্। এর মধ্যে রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে আবেদন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার নিয়ে আপত্তি এবং আটক সাবেক সংসদ সদস্যদের বিষয়ে অভিযোগ।
আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও বিচার নিয়ে আবেদন
প্রকাশ্য নথি অনুযায়ী, ২০২৫ সালের ৮ আগস্ট শেখ হাসিনার পক্ষে প্রথম উদ্যোগ নেন পওলস্। ডাউটি স্ট্রিট চেম্বার্সের ওয়েবসাইটে প্রকাশিত ওই আবেদনে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ ও বিশেষ প্রতিবেদকদের কাছে জরুরি আবেদন জানানো হয়। সেখানে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল।
একই বছরের ১০ নভেম্বর বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকদের কাছে আরেকটি জরুরি আবেদন করেন পওলস্ ও তাঁর সহকর্মী তাতিয়ানা ইটওয়েল। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার কতটা ন্যায়সংগত, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। আবেদনে বলা হয়েছিল, এ ধরনের বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হলে তা জীবনের অধিকারের লঙ্ঘন হবে। এর সাত দিন পর, ১৭ নভেম্বর ২০২৫, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।
২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর জেনেভায় আন্তসংসদীয় ইউনিয়নের কাছে আরেকটি অভিযোগ জমা দেন পওলস্। এতে বিচার, মৃত্যুদণ্ড, রাজনৈতিক দল নিষিদ্ধকরণ এবং শতাধিক সাবেক সংসদ সদস্যকে আটকে রাখার বিষয় তুলে ধরা হয়।
এরপর ২৭ অক্টোবর জাতিসংঘের দুই বিশেষ প্রতিবেদক ও একজন স্বাধীন বিশেষজ্ঞের কাছে আবেদন করেন তিনি। এতে বিএনপি সরকার কর্তৃক নিষেধাজ্ঞা বহাল রাখার বিরুদ্ধে যুক্তি তুলে ধরা হয় এবং ফেব্রুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করা হয়।
ডাউটি স্ট্রিট থেকে ম্যাট্রিক্স চেম্বার্সে
২০২৫ সালে শেখ হাসিনার পক্ষে করা দুটি আবেদন প্রকাশিত হয়েছিল ডাউটি স্ট্রিট চেম্বার্সের ওয়েবসাইটে। আর ২০২৬ সালের দুটি আবেদন প্রকাশিত হয় ম্যাট্রিক্স চেম্বার্সের ওয়েবসাইটে। দুই প্রতিষ্ঠানের নথিতেই প্রধান আইনজীবী হিসেবে পালসের নাম রয়েছে। আবেদনগুলোর যুক্তিতেও মিল রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও বিচারপ্রক্রিয়াকে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের ১৯, ২১, ২২ ও ২৫ অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে তুলে ধরা হয়েছে।
যুক্তরাজ্যের বার ব্যবস্থায় ব্যারিস্টার চেম্বার্স কোনো আইনজীবী প্রতিষ্ঠান নয়; বরং স্বনিয়োজিত ব্যারিস্টারদের একটি সমষ্টি। তাঁরা কার্যালয় ও প্রশাসনিক খরচ ভাগাভাগি করেন। মক্কেলের সঙ্গে সম্পর্ক থাকে নির্দিষ্ট ব্যারিস্টারের। ফলে কোনো ব্যারিস্টার চেম্বার্স পরিবর্তন করলে সাধারণত তাঁর মক্কেলও তাঁর সঙ্গে যুক্ত থাকেন।
পওলস্ ঠিক কবে ডাউটি স্ট্রিট ছেড়ে ম্যাট্রিক্স চেম্বার্সে যোগ দিয়েছেন, সে বিষয়ে প্রকাশ্য কোনো ঘোষণা পাওয়া যায়নি। তবে সময়টি ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে বলে ধারণা করা হয়েছে। ২০২৫ সালের আবেদনগুলোতে তাঁর সঙ্গে অ্যালেক্স টিনসলি ও তাতিয়ানা ইটওয়েলের নাম থাকলেও ২০২৬ সালের ম্যাট্রিক্সের নথিতে পওলস্ ছাড়া অন্য কোনো আইনজীবীর নাম নেই।
৯ নভেম্বরের চিঠিতে কী ছিল?
৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে ই-মেইলে চিঠিটি পাঠান পওলস্। হাইকমিশন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় নতুন করে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়। এর পক্ষে বাংলাদেশের নাগরিকত্ব, দেশের আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের বাধ্যবাধকতার যুক্তি তুলে ধরা হয়েছে। পাশাপাশি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও কাগজপত্র সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে পওলস্ নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক হিসেবে উল্লেখ করেছেন। তবে ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত কোনো অনুমোদনপত্র সংযুক্ত ছিল না বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম। শেখ হাসিনা নিজে আইনজীবীকে নিয়োগ দিয়েছেন, নাকি আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে, তা নিশ্চিত হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন দিল্লি হাইকমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
নিয়োগ ও অর্থায়ন নিয়ে স্পষ্ট তথ্য নেই
প্রকাশ্য কোনো নথিতে পওলস্কে কে নিয়োগ দিয়েছেন বা তাঁর পারিশ্রমিক কে দিচ্ছেন, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। যুক্তরাজ্যে সাধারণত কোনো আইনজীবী প্রতিষ্ঠান বা সলিসিটর ফার্ম ব্যারিস্টারকে নিয়োগ দেয়। তবে কিছু ক্ষেত্রে সরাসরি নিয়োগের সুযোগও রয়েছে। ডাউটি স্ট্রিট বা ম্যাট্রিক্স চেম্বার্সের প্রকাশিত নথিতে সংশ্লিষ্ট সলিসিটরের নাম উল্লেখ নেই। একইভাবে তাঁর পারিশ্রমিক বা অর্থের উৎস নিয়েও কোনো তথ্য প্রকাশিত হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চেয়ে পাঠানো অনুরোধের সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অনুরোধটিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, শেখ হাসিনাকে পাসপোর্টের মাধ্যমে নয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি ও বিএনপিও এ উদ্যোগকে ‘রাজনৈতিক স্টান্ট’ বলে অভিহিত করেছে।
আওয়ামী লীগ বা হাসিনা পরিবারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের তথ্য নেই
পাওলসের পেশাগত পরিচিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত, সাবেক যুগোস্লাভিয়াবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং সিয়েরা লিওনের বিশেষ আদালতে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ রয়েছে। লাইবেরিয়ার সাবেক ফার্স্ট লেডি অ্যাগনেস রিভস-টেলর, কেনিয়ার সাবেক মন্ত্রী হেনরি কসগে এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির মতো রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষেও কাজ করেছেন তিনি। এ ছাড়া সেশেলসের অ্যাটর্নি জেনারেলের পক্ষে দুর্নীতি ও অর্থপাচারসংক্রান্ত মামলায় কাজ করেছেন ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত।
তবে তাঁর পেশাগত প্রোফাইলে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্টতার উল্লেখ নেই। শেখ হাসিনা বা তাঁর পরিবারের সঙ্গে পালসের ব্যক্তিগত, পারিবারিক কিংবা রাজনৈতিক সম্পর্কেরও কোনো প্রকাশ্য তথ্য পাওয়া যায়নি। প্রকাশিত নথিগুলোতে সম্পর্কটিকে আইনজীবী ও মক্কেলের পেশাগত সম্পর্ক হিসেবেই দেখানো হয়েছে।
আইনজীবীর পক্ষে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের মামলা পরিচালনা করাকে তাঁর রাজনৈতিক আনুগত্যের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। যুক্তরাজ্যের বার ব্যবস্থার নিয়ম অনুযায়ী, একজন ব্যারিস্টার মক্কেলের রাজনৈতিক অবস্থান সমর্থন না করেও তাঁর পক্ষে আইনি লড়াই করতে পারেন।










































