প্রচ্ছদ জাতীয় স্থানীয় নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ বিষয়ে যা বললেন আসিফ মাহমুদ

স্থানীয় নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ বিষয়ে যা বললেন আসিফ মাহমুদ

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকার অপব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার অভিযোগ, দুই প্রশাসক নির্বাচনী প্রচারে সরকারি কোষাগারের টাকা ব্যবহার করছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকালে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘দুই প্রশাসক সরকারি চেয়ারে বসে মেয়র নির্বাচনের প্রচার চালাচ্ছেন। দুই সিটির প্রশাসককে পদত্যাগ করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে হবে। তারা চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না।’

স্থানীয় নির্বাচন নিয়ে এনসিপির পক্ষ থেকে পাঁচ দফা দাবি দেওয়া হয়েছে জানিয়ে দুই প্রশাসকের বিষয়ে তিনি আরও বলেন, ‘তারা লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরকে দূষিত করছেন। আবাসিক এলাকা, এমনকি মেট্রো স্টেশনেও গরুর হাট বসানো হয়েছে। এই অব্যবস্থাপনাই প্রমাণ করে তারা মেয়র হওয়ার যোগ্য নন।’

বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাবেক এ উপদেষ্টা। তার মতে, এটি স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের ব্যর্থতা। কারণ, আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ।

স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘জোটগতভাবে নির্বাচনে যাবে কি না তা তফসিলের পর দলগুলোর সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

‘দলীয় ব্যানার ছেড়ে শর্ত মেনে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন’— প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের এমন বক্তব্যের ব্যাপারে আসিফ মাহমুদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে সরকারের একটি পক্ষ বিরোধিতা করছে, আরেক উপদেষ্টা বলছেন, শর্ত মেনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে। আমি মনে করি, সরকার নিজেই আওয়ামী লীগকে নিয়ে ধোঁয়াশায় রয়েছে।’

এনসিপির মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগের একটি পক্ষ সরকারে আছে। কার্যক্রম নিষিদ্ধ একটি দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না।’