
অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা দাবি করেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণেই তাকে ও তার বাবাকে আসামি করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় করা মামলায় জেলা ছাত্রদলেরই সাবেক এক নেতা ও তার বাবাকে আসামি করা হয়েছে।
অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতার নাম মেহেদী হাসান (২৮)। মামলার এজাহারে তাকে ছাত্রলীগ নেতা বলে উল্লেখ করা হয়েছে। মামলায় তার বাবা আলতাফ সরদারকেও আসামি করা হয়েছে।
মেহেদী হাসানের দাবি- রাজনৈতিক মতপার্থক্যের কারণেই তাকে ও তার বাবাকে (৪৫) আসামি করা হয়েছে।
অগ্নিসংযোগের ঘটনায় গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে থানায় মামলা করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৬৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ২টায় সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালখাঁ এলাকায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়।
মামলার এজাহারে আসামির তালিকায় পাঁচ ও ছয় নম্বরে রয়েছে আলতাফ সরদার (৪৫) ও মেহেদী হাসানের (২৮) নাম। মামলার এজাহারে আলতাফ সরদারের কোনো পদবী উল্লেখ না করা হলেও মেহেদী হাসানকে ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত মেহেদী হাসান টিবিএসকে বলেন, ‘আমি ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। তখন আমার জেলা সভাপতি ছিলেন মশিউর রহমান রনি। আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। মূলত মামলার বাদী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমাদের দূর সম্পর্কের আত্মীয়। সেই বিএনপির এক বলয়ের রাজনীতি করে, আমরা আরেক বলয়ের রাজনীতি করি। এ কারণেই আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করছে।’
জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান দোলন বলেন, ‘যাকে মামলার আসামি করা হয়েছে, তিনি ছাত্রদলের সক্রিয় নেতা। আওয়ামী লীগ আমলে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। এটা লজ্জাজনক যে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় ছাত্রদল নেতাকে আসামি করা হয়েছে।’
এ বিষয়ে মামলার বাদী ফারুক মাতবর টিবিএসকে বলেন, ‘এটা সাংগঠনিক ব্যাপার। কোথায় কার নাম দিয়েছে ওটা তো বোঝা যায় না। মিসটেকও হতে পারে দুয়েকটা। যারা মামলা দিয়েছেন, তারা হয়তো জানেন না ছেলেটা বিএনপির সাথে সংশ্লিষ্ট।’
কিন্তু মামলার বাদী তো আপনি- এমন প্রশ্নের জবাবে ফারুক মাতবর বলেন, ‘ভাই এটা সাংগঠনিক ব্যাপার, একটু বোঝেন বিষয়টা। থানা থেকে যেভাবে নির্দেশনা আসছে, আমি সেভাবে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হিসেবে মামলার বাদী হয়েছি। উনারা যা বলবেন, আমার তো সেভাবেই কাজ করতে হবে।’
জানতে চাইলে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম টিবিএসকে বলেন, ‘মামলার ভেতর ছাত্রদলের কেউ আছে কি না এটা বাদী বলতে পারবে। আমরা তো কারও দলীয় পরিচয় দেখি না। আমরা বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করেছি। পরবর্তীতে তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।’








































