
সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান ও রুমিন ফারহানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আবু হানিফ বলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বিভিন্ন সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে তিনি প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন।
ফজলুর রহমান ভুলে গেছেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে তিনি আজ সংসদ সদস্য হতে পারতেন না। অথচ তিনি প্রায়ই জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করেন। ফজলুর রহমান একসময় আওয়ামী লীগের রাজনীতি করেছেন। এ কারণেই কথায় আছে, ‘ওয়ান্স অ্যান আওয়ামী লীগ, অলওয়েজ অ্যান আওয়ামী লীগ।’
আবু হানিফ আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন। কিন্তু সংসদে গিয়ে তিনি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন। মান-অভিমান থেকে বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে তিনি যেন নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের অঘোষিত দায়িত্ব পালন করছেন।
তিনি অভিযোগ করেন, গত কয়েক দিনে গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া, মানুষের ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ফজলুর রহমান ও রুমিন ফারহানা কোনো প্রতিবাদ জানাননি।
আবু হানিফের দাবি, সংসদ সদস্য ফজলুর রহমান ও রুমিন ফারহানার বক্তব্য এবং কর্মকাণ্ডে মনে হচ্ছে, তারা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।








































