
একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদের’ শপথ গ্রহণ এবং জুলাই সনদ বাস্তবায়নের সুস্পষ্ট অঙ্গীকার করলেই কেবল সরকারের ডাকা জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তবে দেশের চলমান সংকটকালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বানে সাড়া দিয়ে আগামীকাল (সোমবার) এনসিপির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবে বলে তিনি জানিয়েছেন।
যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে রোববার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
ব্রিফিংয়ে সরকারের জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তারা জাতীয় ঐক্যের কথা বলে আসছিলেন, কিন্তু বিএনপি সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা না করে এবং নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে গণভোটের ৭০ শতাংশ জনগণের রায় ও জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করেছে।
জাতীয় ঐক্যের শর্ত তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, আসন্ন গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার মতো মৌলিক ইস্যুগুলোতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য হতে পারে। এর প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি শুধু ডিসেম্বরে আওয়ামী লীগকে থামানোর জন্য জাতীয় ঐকমত্য চায় এবং জানুয়ারিতে একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলে, তবে সেই ধরনের কোনো প্রক্রিয়ায় এনসিপি অংশগ্রহণ করবে না।
প্রধানমন্ত্রীর সঙ্গে আগামীকালের বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, দেশে একটি সংকটকাল চলছে। সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা অবশ্যই সাড়া দেব। প্রধানমন্ত্রী আসলে কী চাচ্ছেন এবং কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চাচ্ছেন, মূলত সেটি শুনতেই আমরা আগামীকাল যাব এবং আমাদের সুস্পষ্ট প্রস্তাবগুলো তুলে ধরব।
এর আগে ব্রিফিংয়ের শুরুতে নাহিদ ইসলাম তার ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, সফরে তিনি ও দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ অক্সফোর্ড, কেমব্রিজ ও সোয়াস ইউনিভার্সিটিতে সেমিনার করেছেন এবং হিউম্যান রাইটস ওয়াচ, ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ও ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন।
লন্ডনের মেফেয়ার ভেন্যুতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় শেষে হামলার ঘটনার বিবরণ দিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, পূর্বানুমতি ও পুলিশকে অবহিত করা সত্ত্বেও পতিত ফ্যাসিস্ট শক্তির নেতাকর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে শারীরিক হামলা চালায়। তাকে রক্ষা করতে গিয়ে প্রবাসী শিক্ষার্থী ও পেশাজীবীসহ ১২ থেকে ১৩ জন আহত হন, যাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এ বিষয়ে যুক্তরাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং তারা আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে বলে তিনি জানান।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের গত সাত মাসের ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, দেশ ও বিদেশে একই কায়দায় অরাজকতা তৈরি করা হচ্ছে এবং ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণের চেষ্টা চলছে। রাজপথে এই অপশক্তির মোকাবিলা করতে এনসিপির একার অবস্থানই যথেষ্ট বলে তিনি মন্তব্য করেন।







































