
উপদেষ্টা হওয়ার কাফফরা দিতে হচ্ছে সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। ফেসবুকে এ সংক্রান্ত মন্তব্য করে হাস্যরসও করেছেন তিনি। তিনি বলেন, ‘আমাদেরকে নিয়া এমনসব মানুষজন কথা বলতেছে, এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকে না’। আজ রবিবার (৭ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, ‘প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়, এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই। কিন্তু সেটা যে এইরকম ভয়াবহ হবে এটা ভাবি নাই। আমাদেরকে নিয়া এমনসব মানুষজন কথা বলতেছে, এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকেনা। উইথ অল রেসপেক্ট টু দেম, এই মানুষগুলা জীবনে কোনোদিন আমাদের সিলেবাসে ছিলো না। এদের নিয়া কথা বলা তো দূরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কোনোদিন একবারও উচ্চারণ করে নাই। এরা এতোটাই অপ্রাসঙ্গিক ছিল। আর এখন সাংবাদিক ভাই-বোনরা ফোন করে জিজ্ঞেস করে, ভাই অমুক আপনার সম্পর্কে এই কথা বলছে, আপনার প্রতিক্রিয়া কী?’
‘বুঝেন অবস্থা! এখন এদের কথার উত্তর দিতে হইবো আমার? এটাই কাফফারা। যাই হোক, এদের মিথ্যাচার এবং সম্মিলিত প্রোপাগান্ডা বলে দেয় আমি আমার কাজটা ঠিকমতো করতে পারছি। মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।’
প্রসঙ্গত, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ২০২৪ সালের ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। পরে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। উপদেষ্টা বানানোর পরপরই তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল।













































